শুক্রবার, ১২ জুন ২০২৬
চেকপোস্ট

নাসিরনগরে ফুটবল ম্যাচে উত্তেজনা, কাদা ছোড়ার অভিযোগে খেলা পণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর বড়বাড়ি সংলগ্ন রাজবাড়ি মাঠে অনুষ্ঠিত একটি প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দর্শকদের মাঠ থেকে সরাতে কাদা ছোড়ার অভিযোগকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খেলা পণ্ড ঘোষণা করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে রুস্তমপুর একাদশ ও নরহা একাদশের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শক মাঠে জড়ো হন। দর্শকের অতিরিক্ত উপস্থিতিতে মাঠ উপচে পড়লে আয়োজকরা খেলার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে মাঠের ভেতরে অবস্থান করা দর্শকদের সরানোর উদ্যোগ নেন।প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দর্শকদের সরানোর সময় কয়েকজন ব্যক্তি কাদা ছুড়ে মারেন। এতে উপস্থিত দর্শকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয় এবং পরে তা বিশৃঙ্খল পরিস্থিতির রূপ নেয়।স্থানীয় বাসিন্দারা জানান, খেলাকে ঘিরে শুরুতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করলেও পর্যাপ্ত দর্শক নিয়ন্ত্রণ ব্যবস্থা ও নিরাপত্তার অভাবে পরিস্থিতির অবনতি ঘটে। উত্তেজনা ছড়িয়ে পড়লে খেলা বন্ধ করে দিতে বাধ্য হন আয়োজকরা।ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের দাবি, ভবিষ্যতে এ ধরনের বড় আয়োজনের ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা, দর্শক ব্যবস্থাপনা এবং মাঠ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে খেলাধুলার পরিবেশ বজায় থাকে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়।

নাসিরনগরে ফুটবল ম্যাচে উত্তেজনা, কাদা ছোড়ার অভিযোগে খেলা পণ্ড