ধরমন্ডলের ০৫ নারী চেইন চোর এবার কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেফতার
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নারীর গলা থেকে কৌশলে স্বর্ণের চেইন চুরির অভিযোগে সংঘবদ্ধ নারী চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা।বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের দীর্ঘভূমি এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্রাহ্মণপাড়া-দুলালপুর সড়কে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, ওই সময় সেলিনা বেগম (৫০) নামে এক নারীর গলায় থাকা প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ২২ ক্যারেটের আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন কৌশলে খুলে নেওয়ার অভিযোগ ওঠে শামসুন্নাহার (৪০) নামে এক নারীর বিরুদ্ধে।পরে সেলিনা বেগমের পক্ষ থেকে তাজুল ইসলাম (৫৫) ব্রাহ্মণপাড়া থানায় অভিযোগ করলে পুলিশ মামলা গ্রহণ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রফিকুল ইসলাম অভিযান চালিয়ে পাঁচ নারীকে গ্রেপ্তার করেন।গ্রেপ্তাররা হলেন নাসিরনগরের ধরমন্ডল গ্রামের মৃত হাছান আলী প্রকাশ হাছন আলীর মেয়ে শামসুন্নাহার (৪০), মোশাররফ হোসেনের স্ত্রী মর্জিনা বেগম (৩০), মোবারক মিয়ার স্ত্রী ফুল চাঁন বিবি (৩৩), মানিক মিয়ার স্ত্রী সাজারা বেগম (২২) এবং শরিফের স্ত্রী অজুফা বেগম (২৫)।পুলিশ জানায়, নারী পুলিশ সদস্যের মাধ্যমে তল্লাশি চালিয়ে শামসুন্নাহারের পরিহিত সেলোয়ারের ডান কুঁচি থেকে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।পুলিশের দাবি, গ্রেপ্তার নারীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ও চোরাই মালামাল সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এর মধ্যে শামসুন্নাহারের বিরুদ্ধে সাভার থানায়, মর্জিনা বেগমের বিরুদ্ধে আশুলিয়া, বাসন ও কসবা থানায়, ফুল চাঁন বিবির বিরুদ্ধে সিলেটের গোপালগঞ্জ থানায়, সাজারা বেগমের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় এবং অজুফা বেগমের বিরুদ্ধে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় মামলা রয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে বুধবার আদালতে পাঠানো হয়েছে।