শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মাদারগঞ্জে নিখোঁজের ১০ ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর রুপসী (১৬) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ১ নম্বর চরপাকেরদহ এলাকার একটি মোটরচালিত সেচপাম্প ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত রুপসী উপজেলার ঘোনাপাড়া এলাকার ছাইর উদ্দিনের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় রুপসী। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।শুক্রবার সকালে স্থানীয় এক কৃষক জমিতে সার বুনতে গিয়ে সেচপাম্প ঘরের ভেতর মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।খবর পেয়ে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভুঞা এবং মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।নিহতের বাবা ছাইর উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার পর থেকে তার মেয়েকে পাওয়া যাচ্ছিল না। সকালে সেচপাম্প ঘরে মেয়ের মরদেহ পাওয়ার খবর পেয়ে তারা হতবাক হয়ে যান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিস রায় জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে মরদেহের গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভুঞা জানান, চরপাকেরদহের একটি সেচপাম্প ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন জানান, প্রাথমিক তদন্তে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে মাদারগঞ্জ থানা পুলিশ ও ডিবির একাধিক দল কাজ করছে।

মাদারগঞ্জে নিখোঁজের ১০ ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার