গোপালগঞ্জে নকল বিড়ির কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার
গোপালগঞ্জের কাশিয়ানীতে নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি উৎপাদন ও বাজারজাতের অভিযোগে একটি গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ নকল বিড়ি ও উৎপাদনসামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার রাতইল ইউনিয়নের শংকরপাশা এলাকায় এ অভিযান পরিচালনা করেন কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ পাপিয়া সুলতানা লিজা।অভিযান সূত্রে জানা গেছে, শংকরপাশা এলাকার একটি গোডাউনে দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোলযুক্ত সজীব ও সোনালী বিড়ি তৈরি করা হচ্ছিল। পরে এসব বিড়ি স্থানীয় বিভিন্ন বাজারে সরবরাহ করা হতো বলে অভিযোগ পাওয়া যায়।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোডাউন থেকে দুই লক্ষাধিক টাকা মূল্যের নকল বিড়ি এবং বিড়ি তৈরির বিভিন্ন কাঁচামাল উদ্ধার করা হয়। এ সময় ভুয়া ঠিকানা ব্যবহারের অভিযোগও পাওয়া যায়।পরে কারখানার মালিক আবু সাইদের স্ত্রী শাকিরা বেগমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয়।অভিযানে জব্দ করা নকল বিড়ি ও উৎপাদনসামগ্রী ঘটনাস্থলেই আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ পাপিয়া সুলতানা লিজা বলেন, নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি উৎপাদন ও বাজারজাতের তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নকল বিড়ি ও সংশ্লিষ্ট উপকরণ জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধভাবে বিড়ি উৎপাদন ও বাজারজাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।