শনিবার, ২৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

ধলমনি চাকমার পরিবারকে ৫০ হাজার টাকা সহায়তা দিল জামায়াত

রাঙামাটি সদর উপজেলার ২ নম্বর মগবান ইউনিয়নে পাহাড়ি ঢলে নিহত ধলমনি চাকমার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকাল ১১টায় মগবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ধলমনি চাকমার পরিবারের সদস্যদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়। নিহত ধলমনি চাকমা মগবান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।অনুষ্ঠানে সদর উপজেলা জামায়াতের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলীম।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মনছুরুল হক, জেলা প্রচার সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাপ্পি চাকমা, মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্পরঞ্জন চাকমা, রাঙামাটি পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল বাশারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা। দুর্যোগে মানুষের পাশে থাকার আহ্বান অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও যেকোনো সংকটময় পরিস্থিতিতে দল-মত, ধর্ম-বর্ণ ও জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব।তারা বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলোকে বিপদগ্রস্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্পরঞ্জন চাকমা নিহত ধলমনি চাকমার পরিবারের পাশে দাঁড়ানো এবং আর্থিক সহায়তা দেওয়ার জন্য ডা. শফিকুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।‘মানুষের পাশে দাঁড়ানোই প্রধান দায়িত্ব’প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলীম বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার আগে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে হবে।তিনি বলেন, দুর্যোগ ও মানবিক বিপর্যয়ের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসা সবার দায়িত্ব।এ সময় তিনি নিহত ধলমনি চাকমার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং কঠিন সময়ে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ধলমনি চাকমার পরিবারকে ৫০ হাজার টাকা সহায়তা দিল জামায়াত