মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

নাউরু বদলে হলো ‘নাওয়েরু’, বদলাল দেশের নাম

ঔপনিবেশিক ঐতিহ্যের ছাপ মুছে নিজস্ব ভাষার উচ্চারণে ফিরেছে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র নাউরু। দেশটির সরকারি নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘রিপাবলিক অব নাওয়েরু’।সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট ডেভিড আদিয়াং আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিশ্চিত করেন। নতুন নামের সঙ্গে দেশটির আন্তর্জাতিক কোড ‘এনআরইউ’-এর পরিবর্তে হবে ‘এনআরও’। পাশাপাশি নাগরিকদের পরিচয়েও পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ‘নাউরুয়ান’-এর পরিবর্তে তাদের ‘দেই-নাওয়েরু’ নামে ডাকা হবে।বার্তা সংস্থা এপি জানিয়েছে, এতদিন বিদেশিদের উচ্চারণের সুবিধার জন্য দেশটির মূল নাম ‘নাওয়েরু’ সংক্ষেপ করে ‘নাউরু’ ব্যবহার করা হতো। তবে নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যেই সংবিধানে সংশোধনী এনে নতুন নাম গ্রহণ করা হয়েছে।দেশটির সরকার জানিয়েছে, নাম পরিবর্তনের জন্য গণভোটের প্রয়োজন হয়নি। কারণ ‘নাওয়েরু’ নামটি আগে থেকেই দেশটির জাতীয় প্রতীক ও সংবিধানে স্বীকৃত ছিল।প্রায় ১২ হাজার জনসংখ্যার নাওয়েরু বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র। এর আগে রয়েছে টুভালু ও ভ্যাটিকান সিটি। ১৯৬৮ সালে স্বাধীনতার আগে দেশটি জার্মান ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল এবং পরে অস্ট্রেলিয়ার প্রশাসনিক নিয়ন্ত্রণে ছিল।১৯৭০-এর দশকে ফসফেট খনি থেকে দেশটি ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করলেও পরবর্তী সময়ে খনি শিল্পের পতনের কারণে বড় সংকটে পড়ে। বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকির মুখেও রয়েছে দেশটি।নাম পরিবর্তনের মাধ্যমে নাওয়েরু এখন ঔপনিবেশিক পরিচয় থেকে নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ে ফেরার পথে হাঁটছে। এর আগে সোয়াজিল্যান্ড নাম পরিবর্তন করে ‘এসওয়াতিনি’ এবং তুরস্ক আন্তর্জাতিকভাবে ‘তুর্কিয়ে’ নাম ব্যবহার শুরু করে।ইতোমধ্যে জাতিসংঘসহ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও চীনের দূতাবাসগুলো দেশটির নতুন নাম ‘নাওয়েরু’ হিসেবে নথিভুক্ত করেছে। শিগগিরই দেশটির বিমান ও জাহাজেও নতুন নাম যুক্ত করা হবে।

নাউরু বদলে হলো ‘নাওয়েরু’, বদলাল দেশের নাম