দুবাইয়ে পর্যটকের ঢল, ৮ মাসে ৭০ লাখের কাছাকাছি
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পর্যটন খাতে চলতি বছরও প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। ২০২৬ সালের প্রথম আট মাসে প্রায় ৬৯ লাখ ৭০ হাজার আন্তর্জাতিক পর্যটক দুবাই ভ্রমণ করেছেন। একই সময়ে হোটেল কক্ষের বুকিং হয়েছে প্রায় ২ কোটি ১০ লাখ।গত ১৪ সেপ্টেম্বর দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হওয়া ৩৩তম ‘অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেট ২০২৬’ পরিদর্শনকালে এসব তথ্য জানান দুবাইয়ের শাসক ও সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। পরে নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টেও তিনি পর্যটন খাতের এসব পরিসংখ্যান তুলে ধরেন।দুবাই পর্যটন কর্তৃপক্ষের (ডিইটি) হিসাব অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দুবাইয়ে আসা আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা প্রায় ৬৯ লাখ ৭০ হাজার। এর মধ্যে শুধু আগস্টেই এসেছেন প্রায় ৮ লাখ ৬৯ হাজার পর্যটক। ফেব্রুয়ারির পর এটিই ছিল সর্বোচ্চ মাসিক পর্যটক আগমনের সংখ্যা।গত বছরের আগস্টের তুলনায় এ বছর একই মাসে পর্যটক আগমন বেড়েছে ৬৩ শতাংশ। মার্চ থেকে টানা প্রতি মাসেই পর্যটক আগমনে দুই অঙ্কের প্রবৃদ্ধি হয়েছে।চার দিনব্যাপী ‘অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেট ২০২৬’-এ অংশ নিয়েছে ৮০টি দেশের প্রদর্শক প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটন কর্তৃপক্ষ, বিমান সংস্থা, আন্তর্জাতিক আতিথেয়তা ব্র্যান্ড ও প্রযুক্তি প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে।এবারের মেলার প্রতিপাদ্য ‘ট্রাভেল ২০৪০: ড্রাইভিং নিউ ফ্রন্টিয়ার্স থ্রু ইনোভেশন অ্যান্ড টেকনোলজি’। আয়োজনে ৪০টিরও বেশি দেশ থেকে ৩০০-এর বেশি আন্তর্জাতিক ভ্রমণ-বাণিজ্য পেশাজীবী অংশ নিচ্ছেন।এর আগে ২০২৫ সালে দুবাইয়ে রেকর্ড প্রায় ১ কোটি ৯৬ লাখ আন্তর্জাতিক পর্যটক ভ্রমণ করেছিলেন। একই বছর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাতায়াত করেন রেকর্ড প্রায় ৯ কোটি ৫২ লাখ যাত্রী। ২০২৬ সালে এ সংখ্যা ৯ কোটি ৯৫ লাখে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে।
বিশ্ব ভ্রমণ ও পর্যটন কাউন্সিলের (ডব্লিউটিটিসি) হিসাব অনুযায়ী, ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাতের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) পর্যটন খাতের অবদান ছিল ৬৮ দশমিক ৫ বিলিয়ন ডলার। একই সময়ে আন্তর্জাতিক পর্যটকদের ব্যয় দাঁড়ায় ৫৬ দশমিক ৯ বিলিয়ন ডলার।