কেসিসির টেন্ডার সিন্ডিকেটে ভাঙনের ইঙ্গিত, দুদকের অনুসন্ধান চলমান
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ঘিরে দীর্ঘদিন ধরে সক্রিয় কথিত টেন্ডার সিন্ডিকেটে ভাঙনের ইঙ্গিত মিলেছে। প্রশাসনের কঠোর অবস্থান, টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার উদ্যোগ এবং অনিয়মের বিরুদ্ধে নজরদারি বাড়ায় প্রভাব বলয় দুর্বল হয়ে পড়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।সংশ্লিষ্ট সূত্র জানায়, বিগত সময়ে কেসিসির বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও টেন্ডার কার্যক্রমকে কেন্দ্র করে একটি প্রভাবশালী চক্র সক্রিয় ছিল। রাজনৈতিক পরিবর্তনের পরও তাদের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি বলে অভিযোগ রয়েছে।এদিকে, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন (দুদক) অন্তত ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠানের নথি তলব করে অনুসন্ধান শুরু করেছে বলে জানা গেছে।কেসিসির সংশ্লিষ্ট সূত্রের দাবি, বর্তমান প্রশাসনের পক্ষ থেকে উন্নয়ন কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কাজের মান নিশ্চিত করতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এতে দীর্ঘদিনের সুবিধাভোগী একটি গোষ্ঠী চাপের মুখে পড়েছে।কেসিসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অতীতে নিম্নমানের কাজ ও টেন্ডার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন অভিযোগ ছিল। বর্তমানে নজরদারি বাড়ায় অনিয়মের সঙ্গে জড়িতরা অস্বস্তিতে রয়েছে।সূত্রগুলো আরও জানায়, শেখপাড়া এলাকার একটি উন্নয়ন প্রকল্পকে কেন্দ্র করে কথিত সিন্ডিকেটের অভ্যন্তরীণ বিরোধ তৈরি হয়। পরে বিষয়টি নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও তা সফল হয়নি বলে দাবি করা হচ্ছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুদকের অনুসন্ধান এখনো চলমান রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।