মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

জাপানে সুপার টাইফুন দুজুয়ানের তাণ্ডব, ঝুঁকিতে ২০ লাখ মানুষ

জাপানের পূর্ব উপকূলে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’ আঘাত হানায় ভারী বৃষ্টি, প্রবল বাতাস ও ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দেশটির বিভিন্ন এলাকায় প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঝড়ের প্রভাবে ৫০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। একই সঙ্গে বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট এবং স্থগিত হয়েছে কিছু রেল চলাচল। জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, দুজুয়ানের কেন্দ্রে একটানা বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার এবং দমকা বাতাসের গতি ১৯৪ কিলোমিটার পর্যন্ত উঠেছে। বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে কান্তো, ইজু দ্বীপপুঞ্জ ও আশপাশের অঞ্চলে বন্যা ও ভূমিধসের ঝুঁকি রয়েছে। চলতি বছরে জাপানে আঘাত হানা ২৫তম টাইফুন দুজুয়ানের প্রভাবে কানাগাওয়া ও চিবা প্রিফেকচারে ভূমিধসের ঘটনা ঘটেছে। ইয়োকোসুকায় ষাটোর্ধ্ব এক নারী ভূমিধসে ক্ষতিগ্রস্ত বাড়ির নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে দমকল বিভাগ। অন্যদিকে চিবার সোদেশাউরা এলাকায় ভূমিধসের ধ্বংসাবশেষ সরানোর সময় পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ঝড়ের কারণে জাপানের পাঁচ দিনের ছুটির সময় ভ্রমণ ও জনজীবন ব্যাহত হয়েছে। বাতিল করা হয়েছে কয়েকশ ফ্লাইট, বিভিন্ন রেলপথে চলাচল বন্ধ বা সীমিত করা হয়েছে। ‘রক ইন জাপান’ উৎসব এবং ‘টোকিও গেম শো’-এর মতো বড় আয়োজনের কার্যক্রমও বাতিল করা হয়েছে। দুজুয়ানের প্রভাবে জাপানের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, এ বছরের শক্তিশালী ‘এল নিনো’ প্রশান্ত মহাসাগরের পানিকে উষ্ণ করে ঝড়ের শক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখছে। তবে জলবায়ু পরিবর্তনের সঙ্গে টাইফুনের সংখ্যা ও তীব্রতার সম্পর্ক নিয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণে বিভিন্ন বিষয় আলাদাভাবে বিবেচনা করা হয়। দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি যুক্তরাষ্ট্র সফরের সময়সূচি পরিবর্তন করেছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তাঁর নিউইয়র্ক যাওয়ার কথা ছিল। 

জাপানে সুপার টাইফুন দুজুয়ানের তাণ্ডব, ঝুঁকিতে ২০ লাখ মানুষ