বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার, ৩ জনকে এক বছর কারাদণ্ড
দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের ২নং ওয়ার্ডের গোলাপগঞ্জ মোড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়।গ্রেফতার ব্যক্তিরা হলেন, আলমাস আলীর ছেলে রাশেদুল ইসলাম (৩০), মাসুদ রানার ছেলে নাহিদ ইসলাম সবুজ (৩২) এবং মৃত নুর ইসলামের ছেলে রুবেল ইসলাম মামুন (৩৫)। তারা সবাই গোলাপগঞ্জ মোড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মোড়ে অবস্থিত মাদক ব্যবসায়ীদের তিনটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অভিযুক্তদের মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিজ্ঞ বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।এদিকে একই অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি উত্তর সুজালপুর গ্রামের আমিনুল হকের ছেলে ইনজামানুল হক পায়েল (৩২) কে কলেজ মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেলের শাওন কুমার সরকার, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।