মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

খানসামায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা-টেম্পু সংঘর্ষ, চালক নিহত আহত ৪

দিনাজপুরের খানসামা উপজেলায় অটোরিকশা ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে রুসুল করিম বাবু (৪২) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।বুধবার (২২ জুলাই) সকালে খানসামা–দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের ভেড়ভেড়ি ইউনিয়নের টংগুয়া বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রুসুল করিম বাবু নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের বাসিন্দা। তিনি মরহুম রহিম উদ্দিনের ছেলে। পরিবার ও স্থানীয়রা জানান, প্রায় ২০ বছর ধরে ভ্যান ও অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।প্রতিদিনের মতো বুধবার সকালেও যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে বের হন রুসুল করিম বাবু। পথে টংগুয়া বড়বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী টেম্পুর সঙ্গে তাঁর অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় অটোরিকশার চার যাত্রীও গুরুতর আহত হন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয় এবং আইনগত ব্যবস্থা শুরু করে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।স্থানীয়দের অভিযোগ, খানসামা–দারোয়ানী আঞ্চলিক মহাসড়কে প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে। একই সড়কে ভারী যানবাহন ও ছোট যানবাহনের চলাচল থাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে।তারা সড়কে গতি নিয়ন্ত্রণ, নিয়মিত ট্রাফিক তদারকি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। রুসুল করিম বাবুর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন স্থানীয়রা।

খানসামায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা-টেম্পু সংঘর্ষ, চালক নিহত আহত ৪