শনিবার, ০১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশে বক্তারা জনগণের মতামতের প্রতি সম্মান জানিয়ে দ্রুত সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দাবি জানান।শনিবার (১ আগস্ট ২০২৬) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিশাল গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর আফতাব উদ্দীন মোল্লা। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান।বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা বাড়বে এবং দুর্নীতি ও অনিয়ম কমানোর সুযোগ তৈরি হবে। তারা জনগণের দেওয়া গণরায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানান।সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, মাওলানা সাইদুল ইসলাম সৈকতসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।বক্তারা আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার কার্যক্রম বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি প্রয়োজন। তারা গণভোটের রায় কার্যকর ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত গণমিছিলে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল