সোমবার, ১৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে দাবানল নিয়ন্ত্রণ অভিযানে অংশ নেওয়া একটি অগ্নিনির্বাপক বিমান জলাধারে বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।গনিসন কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, রোববার সিলভার জ্যাক জলাধারে বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। পরে ডুবুরি দল জলাধার থেকে পাইলটের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় বিমানটিতে পাইলট একাই ছিলেন।দুর্ঘটনার কারণ জানতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তদন্ত শুরু করেছে। বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে।বার্তা সংস্থা এপি জানায়, নিহত পাইলট গত দুই সপ্তাহ ধরে দক্ষিণ-পশ্চিম কলোরাডোতে জ্বলতে থাকা ‘গোল্ড মাউন্টেন ফায়ার’ নিয়ন্ত্রণে আকাশপথে দমকলকর্মীদের সহায়তা করছিলেন। ভয়াবহ এই দাবানল ইতোমধ্যে প্রায় ৫৭ বর্গমাইল (১৪৮ বর্গকিলোমিটার) এলাকায় ছড়িয়ে পড়েছে। সোমবার সকাল পর্যন্ত আগুনের মাত্র ১৩ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।এর আগে গত সপ্তাহে কলোরাডো-ইউটা সীমান্তে দাবানল নিয়ন্ত্রণ অভিযানের সময় তিন দমকলকর্মীর মৃত্যু হয়। সেই শোক কাটিয়ে ওঠার আগেই নতুন এই বিমান দুর্ঘটনা ঘটল।বর্তমানে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে দাবানলের ভয়াবহতা বেড়েই চলেছে। কলোরাডো, ইউটা ও নিউ মেক্সিকো ছাড়াও আলাস্কা থেকে অ্যারিজোনা পর্যন্ত আরও অন্তত আটটি অঙ্গরাজ্যে নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে।মার্কিন জাতীয় আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে, চলতি সপ্তাহজুড়ে তীব্র গরম ও শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকায় দাবানল পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে বিমান বিধ্বস্ত, পাইলট নিহত