বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

দাউদনগর বাজারে ফের তীব্র যানজট, ফুটপাত ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্যস্ততম দাউদনগর ও ড্রাইভার বাজার এলাকায় আবারও বেড়েছে যানজট ও জনভোগান্তি। ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, সড়কের ওপর আড়াআড়িভাবে টমটম ও মোটরসাইকেল পার্কিং এবং অস্থায়ী ফুটপাত ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত টাকা নেওয়ার অভিযোগে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, বাজারের কিছু দোকান মালিক ও ভাড়াটিয়া দোকানের সামনের ফুটপাত ভাসমান ও অস্থায়ী ব্যবসায়ীদের ব্যবহারের সুযোগ দিচ্ছেন। বিনিময়ে তাদের কাছ থেকে দৈনিক বা মাসিক ভিত্তিতে টাকা নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। এতে ফুটপাত দখলমুক্ত রাখতে প্রশাসনের অভিযান স্থায়ীভাবে কার্যকর হচ্ছে না বলে দাবি স্থানীয়দের।নাম প্রকাশে অনিচ্ছুক এক ফুটপাত ব্যবসায়ী জানান, দোকানের সামনের ফুটপাতের জায়গায় অস্থায়ীভাবে বসে ব্যবসা করার জন্য দোকান মালিক ও ভাড়াটিয়াদের টাকা দিতে হয়। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দোকান মালিক ও ভাড়াটিয়াদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।স্থানীয়দের আরও অভিযোগ, আশপাশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে আসা অনেক অস্থায়ী ব্যবসায়ী ফুটপাত দখল করে ব্যবসা করছেন। বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।এদিকে ফুটপাত দখলের কারণে পথচারীদের মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। এর সঙ্গে বিভিন্ন স্থানে টমটম ও মোটরসাইকেল আড়াআড়িভাবে পার্কিং করে রাখায় সড়ক সংকুচিত হয়ে পড়ছে। ব্যস্ত সময়ে এ কারণে যানজট তীব্র আকার ধারণ করছে।স্থানীয়দের মতে, ফুটপাত দখল ও অপরিকল্পিত পার্কিং দাউদনগর বাজারের যানজটের অন্যতম প্রধান কারণ। ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি সড়কের ওপর যেখানে-সেখানে টমটম ও মোটরসাইকেল পার্কিং বন্ধ করা গেলে যানজট অনেকটাই কমানো সম্ভব।এর আগে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ফলে দাউদনগর, ড্রাইভার বাজার, পুরান বাজারসহ শায়েস্তাগঞ্জ শহরের বিভিন্ন এলাকার ফুটপাত অনেকটা দখলমুক্ত হয়েছিল। এতে সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফেরার পাশাপাশি যানজটও কিছুটা নিয়ন্ত্রণে ছিল। বর্তমানে আবারও ফুটপাত দখল শুরু হওয়ায় আগের পরিস্থিতি ফিরে আসার আশঙ্কা করছেন স্থানীয়রা।সম্প্রতি শায়েস্তাগঞ্জের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মো. আসাদুজ্জামান দায়িত্ব গ্রহণ করেছেন। স্থানীয়দের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে উপজেলা প্রশাসন যানজট ও ফুটপাত দখলসহ নাগরিক সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে।সচেতন মহল শায়েস্তাগঞ্জ পৌর প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন। তাদের মতে, শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, অভিযান শেষে নিয়মিত তদারকিও নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ফুটপাত বাণিজ্যিকভাবে ব্যবহারের অভিযোগ এবং অস্থায়ী ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি তদন্তের আওতায় আনা প্রয়োজন।স্থানীয়দের আরও দাবি, দাউদনগর বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা চালু, সড়কের ওপর আড়াআড়িভাবে টমটম-মোটরসাইকেল রাখা বন্ধ এবং ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে।তাদের প্রত্যাশা, উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ নিলে দাউদনগর বাজারসহ শায়েস্তাগঞ্জ শহরকে ফুটপাত দখল, অপরিকল্পিত পার্কিং ও যানজটমুক্ত করে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা সম্ভব হবে।

দাউদনগর বাজারে ফের তীব্র যানজট, ফুটপাত ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ