রামপাল-মোংলায় দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন সেমিনার
রামপাল ও মোংলার অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ে প্রথমবারের মতো সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিদেশগামী যুবক-যুবতীদের দক্ষ করে গড়ে তোলা এবং বৈধ পথে অভিবাসনে সচেতনতা তৈরির লক্ষ্যে এ আয়োজন করা হয়।পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় রামপালের সুন্দরবন মহিলা কলেজ অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক মো. আশরাফ হোসেন।অনুষ্ঠানে বক্তব্য দেন সরকারি চিতলমারী কারিগরি কলেজের অধ্যক্ষ, বাগেরহাট মেরিন একাডেমির পরিচালক মাজহারুল হোসেন খান, জনশক্তি বাগেরহাট দপ্তরের পরিচালক মো. মেহেদি হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে দেশের বেকার সমস্যা সমাধানে সরকার কাজ করছে। প্রশিক্ষিত জনগোষ্ঠী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।তিনি বলেন, বিদেশ যাওয়ার আগে সংশ্লিষ্ট দেশের ভাষা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে। একই সঙ্গে দালালের মাধ্যমে প্রতারণার শিকার না হয়ে সরকারি নিয়ম মেনে বৈধ পথে বিদেশ যাওয়ার আহ্বান জানান তিনি।প্রতিমন্ত্রী আরও বলেন, এই সেমিনারের মূল উদ্দেশ্য হলো যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা এবং নিরাপদ অভিবাসনের বিষয়ে সচেতন করা।