চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে এক মাসব্যাপী মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় শাহবাজপুর ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।সীমান্তবর্তী এলাকার ২৫ জন নির্বাচিত যুবক এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের মোবাইল ফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যার ত্রুটি শনাক্ত, মেরামত, রক্ষণাবেক্ষণসহ আধুনিক সার্ভিসিং বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা দেওয়া হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি।তিনি বলেন, সীমান্ত এলাকার যুব সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা, আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য। বিজিবি ভবিষ্যতেও সীমান্ত এলাকার মানুষের কল্যাণে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. একরামুল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার কর্মকার, শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহিন আকতারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবির কর্মকর্তারা।
বিজিবি জানিয়েছে, এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সীমান্ত এলাকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, জীবনমান উন্নয়ন এবং চোরাচালান প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।