মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কার্যালয়ে অগ্নিকাণ্ড
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিস কক্ষের টেলিভিশন, এসি, আলমিরা, সোফাসহ প্রায় সব আসবাবপত্র পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল আনুমানিক ৪টার দিকে মানিকগঞ্জ সদর থানার ওসির অফিস কক্ষে এ আগুন লাগে।খবর পেয়ে মানিকগঞ্জ সদর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।মানিকগঞ্জ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আদম আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওসির কক্ষে থাকা একটি টেলিভিশন থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। আগুনে কক্ষের এসি, টেলিভিশন, আলমিরা, সোফাসহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে গেছে।তিনি জানান, এ ঘটনায় আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।
মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন জানান, আগুন লাগার কিছুক্ষণ আগেই তিনি অফিস কক্ষ থেকে বের হয়ে যান। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত না হওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেন।