সোমবার, ১৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

সৈয়দপুরে অনলাইন জুয়া থাই লটারি প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

নীলফামারীর সৈয়দপুরে অনলাইন জুয়া ও থাই লটারির নামে প্রতারণার অভিযোগে সাহিদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) রাতে শহরের ইসলামবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি সৈয়দপুর উপজেলার ঢেলাপীর উত্তরা আবাসন এলাকার সিরাজের ছেলে।পুলিশ জানায়, সাহিদের বাড়ি ঢেলাপীরে হলেও তিনি ইসলামবাগে শ্বশুর জাবেদের বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন। অভিযোগ রয়েছে, সাহিদ ও তার স্ত্রী আয়েশা ওরফে বাবলি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া, থাই লটারি এবং ভিসার নামে প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার ব্যবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।এ ঘটনায় সাইবার ক্রাইম ও প্রতারণা সংক্রান্ত আইন-২০২৫ অনুযায়ী মামলা (নং-১৭) দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দপুর থানার এসআই মনির উদ্দিন জানান, জব্দ করা মোবাইল ফোনে অনলাইন জুয়া ও থাই লটারির নামে প্রতারণার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে।স্থানীয় বাসিন্দাদের দাবি, অল্প সময়ের মধ্যেই সাহিদ বিপুল অর্থের মালিক হয়ে ওঠেন। তবে তার দৃশ্যমান কোনো বৈধ আয়ের উৎস ছিল না। ঘটনার পর থেকে পরিবারের কয়েকজন সদস্য আত্মগোপনে রয়েছেন বলেও এলাকাবাসীর দাবি।অন্যদিকে, সাহিদের স্ত্রী আয়েশা ওরফে বাবলি ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি ঘটনাটির নিন্দা জানিয়ে সাহিদের দ্রুত মুক্তির দাবি জানান।সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, নির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাহিদকে আটক করা হয়েছে। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সোমবার সকালে তাকে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে।

সৈয়দপুরে অনলাইন জুয়া থাই লটারি  প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার