তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন
তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা, নদীভাঙন, আকস্মিক বন্যা, শুষ্ক মৌসুমে পানির সংকট এবং জীবিকা নির্বাহের অনিশ্চয়তার স্থায়ী সমাধানের দাবিতে রংপুরের গঙ্গাচড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ জুন) উপজেলার লক্ষীটারী ইউনিয়নের মহিপুর তিস্তা সেতু থেকে বুড়িরহাট পর্যন্ত সড়কজুড়ে ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন’-এর দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। এতে তিস্তা পাড়ের বিভিন্ন এলাকার হাজারো মানুষ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী বলেন, তিস্তা মহাপরিকল্পনা এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি। প্রয়োজনে নিজস্ব অর্থায়নেও এ মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করতে হবে। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রকল্পটির কাজ দ্রুত শুরু করার এখনই উপযুক্ত সময়।তিনি বলেন, তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘবে এই প্রকল্পের কোনো বিকল্প নেই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।মানববন্ধনের সভাপতি নায়েবুজ্জামান বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন তিস্তা অববাহিকার মানুষের দীর্ঘদিনের ন্যায্য দাবি। দ্রুত কাজ শুরু না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।লক্ষীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লা আল হাদী বলেন, তিস্তা অববাহিকার লাখো মানুষ বছরের পর বছর নদীভাঙন, আকস্মিক বন্যা, শুষ্ক মৌসুমে পানির সংকট এবং কৃষি উৎপাদনে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। বারবার আশ্বাস দেওয়া হলেও প্রকল্পের বাস্তবায়ন শুরু না হওয়ায় দুর্ভোগ আরও বাড়ছে।তিনি আরও বলেন, কৃষি ও সেচের জন্য প্রয়োজনীয় সময়ে পর্যাপ্ত পানি না পাওয়া এবং বর্ষায় অতিরিক্ত পানির প্রবাহের কারণে তিস্তা অববাহিকায় বন্যা ও নদীভাঙন ভয়াবহ আকার ধারণ করে। এতে ফসলি জমি, বসতভিটা ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হচ্ছে।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীভাঙন নিয়ন্ত্রণ, বন্যা ব্যবস্থাপনা উন্নয়ন, সেচ সুবিধা সম্প্রসারণ, কৃষি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং তিস্তা পাড়ের মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব হবে। তাই আর বিলম্ব না করে দ্রুত প্রকল্পটির কাজ শুরু করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।