লামায় তিন কিশোরী নিখোঁজ, তিন দিনেও মেলেনি সন্ধান
বান্দরবানের লামা উপজেলায় বাড়ি থেকে বের হওয়ার পর তিন কিশোরীর সন্ধান পাওয়া যাচ্ছে না। গত ১০ অক্টোবর থেকে তারা নিখোঁজ রয়েছে। তিন দিন পেরিয়ে গেলেও তাদের খোঁজ না মেলায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের।নিখোঁজ তিন কিশোরী হলো লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা-বধুরঝিরি এলাকার বাসিন্দা আবুল হাশেমের মেয়ে তানিয়া সুলতানা (১৩), শহিদুল ইসলামের মেয়ে রেশমি আক্তার (১৭) এবং বেলাল উদ্দিনের মেয়ে হালিমাতুচ্ছ সাদিয়া। তানিয়া ইয়াংছা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। অন্য দুই কিশোরীর শ্রেণি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।যেভাবে নিখোঁজ তিন কিশোরীপরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর বিদ্যালয় থেকে সার্টিফিকেট নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রেশমি আক্তার। পরে তার সঙ্গে অন্য দুই কিশোরীও বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।পরিবারের দাবি, রেশমি মানিকপুর উচ্চবিদ্যালয় থেকে সনদ নেওয়ার কথা বলে বাড়ি ছেড়েছিল। তবে এ বিষয়ে ভিন্ন তথ্য জানিয়েছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক।মানিকপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, নিখোঁজ কিশোরী সার্টিফিকেট নিতে তাঁর বিদ্যালয়ে যায়নি। ফলে কী কারণে তিন কিশোরী বাড়ি থেকে বের হয়েছিল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।নিখোঁজদের সন্ধানে কাজ করছে পুলিশইয়াংছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন জানান, নিখোঁজ তিন কিশোরী বিদ্যালয়ে অনিয়মিত ছিল। তাদের সন্ধানে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি।এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ এশিয়া পোস্টকে জানান, নিখোঁজ তিন কিশোরীর অভিভাবকেরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাদের নিখোঁজের কারণ উদ্ঘাটন ও সন্ধান পেতে পুলিশ কাজ করছে।