শোকাহত তাহসিনকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী, দিলেন বিশেষ উপহার
মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বড় বোনকে হারানো তাহসিন আব্দুল্লাহকে ডেকে নিয়ে স্নেহ ও ভালোবাসায় পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার হাতে তুলে দেওয়া হয়েছে বিশেষ উপহার।২০২৫ সালের জুলাইয়ে মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় বড় বোনকে হারিয়ে গভীর শোকে ভেঙে পড়েছিল তাহসিন। পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর বোনকে খুঁজতে ছুটে গিয়েছিল সে। এরপর থেকেই তার স্বাভাবিক হাসি অনেকটাই হারিয়ে যায়।তবে গত ২৭ জুলাই ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে হাসিমুখে হাত বাড়িয়ে দেওয়া তাহসিনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।পরে ছবির পেছনের হৃদয়বিদারক গল্প জানতে পেরে প্রধানমন্ত্রী তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে তাহসিন ও তার পরিবারের খোঁজ নেওয়ার নির্দেশ দেন।এর ধারাবাহিকতায় বুধবার (২৯ জুলাই) বাবা নাজমুল হককে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাহসিন। বর্তমানে সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাহসিনের পড়াশোনা ও ভবিষ্যৎ স্বপ্নের কথা জানতে চান প্রধানমন্ত্রী।তাহসিন জানায়, বড় হয়ে সে একজন সফল ব্যবসায়ী হতে চায় এবং মানুষের উপকারে কাজ করতে চায়। পাশাপাশি তার শখ ফুটবল খেলা।প্রধানমন্ত্রী তার স্বপ্নের প্রশংসা করে মনোযোগ দিয়ে পড়াশোনা, নিয়মিত খেলাধুলা এবং লক্ষ্য পূরণে নিষ্ঠার সঙ্গে কাজ করার পরামর্শ দেন।সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী নিজের স্বাক্ষর করা একটি বাস্কেটবল ও একটি ড্রোন সেট তাহসিনকে উপহার দেন।প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আনন্দ প্রকাশ করে তাহসিন জানায়, পুরো বিষয়টি তার কাছে ছিল অপ্রত্যাশিত। প্রধানমন্ত্রীর সঙ্গে পরিবারের সদস্যের মতো কথা হওয়ায় সে স্বাভাবিক ও আনন্দিত অনুভব করেছে।এ সময় মাইলস্টোন দুর্ঘটনায় সন্তান হারানো তাহসিনের বাবার প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানান প্রধানমন্ত্রী।
সাক্ষাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।