বৃষ্টিতে স্ত্রীকে হাত ধরে তারেক রহমান দায়িত্ব ও ভালোবাসা একসঙ্গে সামলান
সিলেটে টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেই সফরে এসে এক মানবিক মুহূর্তে আলোচনায় উঠে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২ মে) সকাল ৯টা ৫৮ মিনিটে তাকে বহনকারী ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান থেকে নামার সময় প্রবল বৃষ্টির মুখে পড়েন তিনি। নিরাপত্তাকর্মীরা ছাতা ধরলেও একা এগোননি সহধর্মিনী ডা. জুবাইদা রহমানের হাত ধরে একসঙ্গে সামনে এগিয়ে যান।পরে বিমানবন্দর থেকে সরাসরি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত ও দোয়ায় অংশ নেন। বের হওয়ার সময়ও বৃষ্টি বাড়লে এক ছাতার নিচে স্ত্রীর হাত শক্তভাবে ধরে বাসের দিকে যেতে দেখা যায় তাকে।এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই ছবিটি শেয়ার করে দায়িত্বশীলতা ও ভালোবাসার উদাহরণ হিসেবে মন্তব্য করছেন।মিফতা হাসান নামে এক যুবক লিখেছেন, শিখতে চাইলে ওনাদের থেকে শেখা উচিত, কীভাবে দায়িত্ব আর ভালোবাসা একসঙ্গে সামলাতে হয়।
অন্যদিকে সানজানা শিরিন লেখেন, শেখো, কীভাবে স্ত্রীকে প্রাধান্য দিতে হয়।
হেলাল মিয়া রসিকতা করে বলেন, এখন স্ত্রীরা বলবে দেখো, প্রধানমন্ত্রী হয়েও কত যত্নশীল!সফরসূচিতে সকালে মাজার জিয়ারত শেষে কিনব্রিজ-সংলগ্ন চাঁদনিঘাট এলাকায় সুরমা নদীর দুই তীর সংরক্ষণ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে সুধী সমাবেশে বক্তব্য দেন।দুপুরে সদর উপজেলার কান্দিগাঁও এলাকায় বাসিয়া খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উদ্বোধন এবং সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভায় অংশ নেন।দিনভর ব্যস্ততা শেষে শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে উড়োজাহাজে ঢাকা ফেরেন তিনি। সফরসঙ্গী হিসেবে সার্বক্ষণিক ছিলেন তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেটে ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আগের ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত ছিল ৭৪ দশমিক ৭ মিলিমিটার।