বুধবার, ০৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

কুবির ১১ শিক্ষককে ঘিরে অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি

সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে গোপন তৎপরতার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১১ শিক্ষকের নাম উল্লেখ হওয়ার পর অভিযোগের সত্যতা যাচাইয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।অফিস আদেশে বলা হয়, ৪ ও ৫ আগস্ট বিভিন্ন জাতীয় সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে 'বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ'-এর কথিত তৎপরতা এবং সেখানে নাম প্রকাশিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক ১১ শিক্ষকের সম্ভাব্য সম্পৃক্ততা, পরিচয় ও কার্যক্রম সম্পর্কিত তথ্য-উপাত্ত যাচাইয়ের জন্য উপাচার্যের অনুমোদনক্রমে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।চার সদস্যের এ কমিটির আহ্বায়ক করা হয়েছে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল হাকিমকে। সদস্য হিসেবে রয়েছেন সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফয়সল বিন আবদুল আজিজ এবং আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক পিন্টু চন্দ্র পাল। সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. মনিরুজ্জামান।প্রকাশিত সংবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষকের নাম উল্লেখ করা হয়েছে বলে দাবি করা হয়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্তের উদ্দেশ্য হলো প্রকাশিত তথ্যের সত্যতা, সংশ্লিষ্টতা এবং পরিচয় যাচাই করা।তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, “আজই আমরা অফিস আদেশ পেয়েছি। প্রাথমিকভাবে দেখেছি, প্রকাশিত তালিকায় কয়েকটি নামের গরমিল রয়েছে। তথ্যের সত্যতা ও সংশ্লিষ্টতা যাচাই করাই আমাদের মূল দায়িত্ব। খুব শিগগিরই তদন্ত কার্যক্রম শুরু করে নিরপেক্ষ অনুসন্ধানের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।”অভিযোগের সত্যতা প্রমাণিত হলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া আমাদের কাজ নয়। আমরা শুধু তদন্ত করে তথ্য-উপাত্তভিত্তিক প্রতিবেদন জমা দেব। পরবর্তী সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।”বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে কমিটিকে বলা হয়েছে।

কুবির ১১ শিক্ষককে ঘিরে অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি