মঙ্গলবার, ১৯ মে ২০২৬
চেকপোস্ট

ঢাকায় সুপেয় পানির সংকট ভয়াবহ হচ্ছে: মির্জা ফখরুল

বাংলাদেশে সুপেয় পানির সংকট দিনদিন চরম আকার ধারণ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ করে রাজধানী ঢাকায় নিরাপদ পানির সংকট ক্রমেই তীব্র হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।সোমবার (১৮ মে) সচিবালয়ে UNICEF এর পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) বিভাগের বৈশ্বিক প্রধান পিটার জর্জ এল মেস-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে আলোচনার বিস্তারিত তুলে ধরা হয়।বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণমুক্ত ও ব্যবহারযোগ্য করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রাজধানীর বাড়তে থাকা পানির চাহিদা পূরণে বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীর পানি আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশুদ্ধ করা এখন সময়ের দাবি।মন্ত্রী আরও বলেন, দেশের একটি বড় জনগোষ্ঠী এখনও নিরাপদ ও সুপেয় পানির মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। এই সংকট মোকাবিলায় তিনি ইউনিসেফের কারিগরি ও আর্থিক সহযোগিতা কামনা করেন এবং সরকার ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।এসময় পানি, পয়ঃনিষ্কাশন ও পল্লী উন্নয়ন খাতে ইউনিসেফের অতীত ও চলমান অবদানের প্রশংসা করেন তিনি।বৈঠকে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। ইউনিসেফ প্রতিনিধিদল বাংলাদেশের ওয়াশ ব্যবস্থার টেকসই উন্নয়নে সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে। সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকায় সুপেয় পানির সংকট ভয়াবহ হচ্ছে: মির্জা ফখরুল