মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনার অঙ্গীকার আসিফ মাহমুদের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের প্রচারণা শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানীর উন্নয়নের পাশাপাশি ঢাকার ঐতিহাসিক পরিচয়, সংস্কৃতি ও ঐতিহ্য পুনরুদ্ধারের অঙ্গীকার করেছেন তিনি।সোমবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রচারণা শুরুর ঘোষণা দেন আসিফ মাহমুদ।পোস্টে তিনি বলেন, অনেকেই ঢাকাকে সিঙ্গাপুর, ব্যাংকক বা লন্ডনের আদলে গড়ে তোলার কথা বলেন। তবে ঢাকা নিজেই বিশ্বের বহু খ্যাতনামা শহরের চেয়েও প্রাচীন এবং ঐতিহ্যে সমৃদ্ধ একটি নগর।তিনি দাবি করেন, ঢাকার ইতিহাস ও ঐতিহ্য যথাযথভাবে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে না পারা দেশের নীতিনির্ধারকদের দীর্ঘদিনের ব্যর্থতা। তার ভাষায়, একসময় ঢাকা দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাণকেন্দ্র এবং উর্বর বদ্বীপ অঞ্চলের একটি সমৃদ্ধ নগর ছিল।আসিফ মাহমুদ বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাজধানীকে আরও বাসযোগ্য করে গড়ে তোলার পাশাপাশি বিশ্বের ঐতিহ্যবাহী শহরগুলোর মধ্যে অন্যতম হিসেবে ঢাকাকে তার প্রাপ্য মর্যাদায় প্রতিষ্ঠিত করতে চান তিনি।তার এই বার্তায় নগর উন্নয়নের প্রচলিত আলোচনার পাশাপাশি রাজধানীর ইতিহাস, সংস্কৃতি ও নগর-ঐতিহ্যকে নির্বাচনী প্রচারণার গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে উন্নয়ন ও ঐতিহ্য সংরক্ষণকে সমান্তরালভাবে এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা নগর ব্যবস্থাপনা, যানজট, জলাবদ্ধতা, নাগরিক সেবা এবং রাজধানীর ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় ঢাকার হারানো গৌরব পুনরুদ্ধারের বিষয়টিকে নিজের নির্বাচনী প্রচারণার অন্যতম অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছেন আসিফ মাহমুদ।

ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনার অঙ্গীকার আসিফ মাহমুদের