রাজধানীর হাসপাতালগুলোতে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। দিনের তুলনায় সন্ধ্যার পর থেকে গভীর রাতে হাসপাতালে ভর্তি হচ্ছেন বেশি রোগী। তিনটি সরকারি হাসপাতালের চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, ভর্তি ডেঙ্গু রোগীদের বড় একটি অংশ রাতেই হাসপাতালে আসছেন। চিকিৎসক ও নার্সদের মতে, দিনের বেলায় পরীক্ষা করিয়ে বাড়ি ফিরে গেলেও শারীরিক অবস্থার অবনতি হলে অনেকেই রাতে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এতে দেরিতে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে রক্তক্ষরণসহ বিভিন্ন জটিলতা দেখা দিচ্ছে।সম্প্রতি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট ঘুরে এমন চিত্র দেখা গেছে।সোহরাওয়ার্দী হাসপাতালে রাতেই বেশি ভর্তিগত বুধবার (১৮ নভেম্বর) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সরেজমিনে দেখা যায়, পুরুষদের জন্য নির্ধারিত ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৪২ জন রোগী। এদের মধ্যে ১০ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, আটজনই রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন।হাসপাতালের ৪২০ নম্বর ওয়ার্ড পুরুষ এবং ৪২৪ নম্বর ওয়ার্ড নারীদের জন্য নির্ধারিত। বুধবার দুপুর পর্যন্ত দুই ওয়ার্ডে মোট ৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন।হাসপাতালে ভর্তি হওয়া ৪৩ বছর বয়সী ক্ষুদ্র ব্যবসায়ী সৈয়দ হাবিবুর রহমান তামজিদের বাড়ি গাজীপুরে। হঠাৎ জ্বর, শরীরে প্রচণ্ড ব্যথা ও ঘন ঘন বমি শুরু হলে পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও দুই দিনে অবস্থার উন্নতি হয়নি। পরে গভীর রাতে তাকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। ১৫ নভেম্বর ভোর ৪টায় তাকে ভর্তি করা হয়।তামজিদের স্ত্রী মর্জিনা বেগম জানান, ডেঙ্গু শনাক্ত হওয়ার পর থেকেই তার স্বামীর শরীরে প্রচণ্ড ব্যথা, বিশেষ করে কোমরে ব্যথা ও বমি হচ্ছে। রক্তের প্লাটিলেট কমে ২১ হাজারে নেমে এসেছে। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে ঢাকায় পাঠান।একই হাসপাতালে ভর্তি মানিকগঞ্জের সাটুরিয়ার পান্নু মিয়া (৪০)। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাকে ভর্তি করা হয়।পুরুষ ওয়ার্ডের সিনিয়র নার্স সেতারা বেগম বলেন, দিনের তুলনায় রাতে অনেক বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে আসেন। অনেকে দিনে পরীক্ষা করিয়ে বাড়ি ফিরে যান। পরে শারীরিক জটিলতা বাড়লে হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া ঢাকার বাইরে থেকে চিকিৎসকের পরামর্শে আসা রোগীদের অনেকে রাতেই হাসপাতালে পৌঁছান।গর্ভবতী ডেঙ্গু রোগীর সংকট বাড়াচ্ছে উদ্বেগসোহরাওয়ার্দী হাসপাতালের নারী ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন ২৫ বছর বয়সী জেসমিন আক্তার নুপুর নয় মাসের সন্তানসম্ভবা। ডেঙ্গু নিয়ে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।তার স্বামী কাওসার হোসেন জানান, গত ১২ নভেম্বর প্রথমবার ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন নুপুর। দুই দিনের চিকিৎসায় কিছুটা সুস্থ হলে তাকে বাসায় নেওয়া হয়। কিন্তু তিন দিনের মাথায় আবার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে মঙ্গলবার রাত ২টার দিকে তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়।কাওসার জানান, নুপুরের বমি অব্যাহত রয়েছে। রক্তের প্লাটিলেট কমে আট হাজারে নেমেছে। চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন। গর্ভে সন্তান থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।মুগদা হাসপাতালে রাতের ভর্তি দ্বিগুণরাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। হাসপাতালের ১০ ও ১১ তলায় শয্যার পাশাপাশি মেঝেতেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার সকাল পর্যন্ত সেখানে ১৭৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন।হাসপাতালের নার্স আসমা আক্তার জানান, দিনে ১৫ থেকে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হলেও রাতে সেই সংখ্যা বেড়ে ৩০ থেকে ৩৮ জন পর্যন্ত হচ্ছে।তিনি বলেন, রাতে বেশি রোগী আসায় অনেকের ক্ষেত্রে রক্তক্ষরণসহ বিভিন্ন জটিলতা দেখা যাচ্ছে। দেরিতে হাসপাতালে আসা এর অন্যতম কারণ।অন্যদিকে, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটেও একই ধরনের চিত্র দেখা গেছে। গত এক সপ্তাহে সেখানে ডেঙ্গু রোগীর চাপ কিছুটা কমলেও বর্তমানে ৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের অধিকাংশই রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন।রাতে হাসপাতালে আসার পেছনে আর্থসামাজিক কারণচিকিৎসকদের মতে, শুধু শারীরিক জটিলতা নয়, ডেঙ্গু রোগীদের রাতে হাসপাতালে আসার পেছনে আর্থসামাজিক কারণও রয়েছে।মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, রাতে অনেক রোগের উপসর্গ তীব্র হতে পারে। তবে ডেঙ্গুসহ বিভিন্ন রোগে দেরিতে হাসপাতালে আসার ক্ষেত্রে আর্থসামাজিক পরিস্থিতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তার ভাষ্য, অনেক রোগী দিনের বেলায় চিকিৎসকের পরামর্শ নেন কিংবা ওষুধ কিনে বাড়িতে চিকিৎসা চালান। সুস্থ হওয়ার অপেক্ষায় থাকেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি বা জটিলতা বেড়ে গেলে হাসপাতালে ভর্তি হন।সব মিলিয়ে রাজধানীর সরকারি হাসপাতালগুলোর চিত্র বলছে, ডেঙ্গু রোগীদের বড় অংশ রাতেই চিকিৎসার জন্য হাসপাতালে আসছেন। বিশেষজ্ঞদের মতে, শারীরিক অবস্থার অবনতি বা জটিলতা দেখা দিলে হাসপাতালে যেতে দেরি না করে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।