রোববার, ১০ মে ২০২৬
চেকপোস্ট

মধ্যপ্রাচ্যের তিন দেশে ফের ড্রোন হামলা, বাড়ছে উত্তেজনা

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যের তিন দেশ— কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে নতুন করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে আঞ্চলিক উত্তেজনা আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।রোববার (১০ মে) ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনী ইরান থেকে ছোড়া অন্তত দুটি ড্রোন নিজেদের আকাশসীমায় শনাক্ত করে প্রতিহত করেছে।আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৫৫১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ২৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২ হাজার ২৬৫টি ড্রোন প্রতিহত করেছে।এদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সকালে আবুধাবি থেকে আসা একটি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ কাতারের জলসীমায় ড্রোন হামলার শিকার হয়। জাহাজটি মেসাইদ বন্দরের উত্তর-পূর্ব দিকে অবস্থান করছিল।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলার ফলে জাহাজটিতে সীমিত আকারে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।এর আগে ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক একটি সংস্থা জানিয়েছিল, দোহার উত্তর-পূর্বাঞ্চলে একটি পণ্যবাহী জাহাজ অজ্ঞাত ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।অন্যদিকে কুয়েতের সামরিক বাহিনীও রোববার ভোরে দেশটিতে ড্রোন হামলার তথ্য নিশ্চিত করেছে। যদিও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে এসব হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

মধ্যপ্রাচ্যের তিন দেশে ফের ড্রোন হামলা, বাড়ছে উত্তেজনা