খুলনায় ডেঙ্গু মোকাবিলায় নতুন উদ্যোগ, সমন্বিত কার্যক্রমের ঘোষণা
খুলনায় ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি ও হালনাগাদ ব্যবস্থাপনা নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন ও খুলনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের উদ্যোগে মঙ্গলবার (২৮ জুলাই) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সর্বশক্তি নিয়োগ করে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য খুলনা মহানগরী গড়ে তোলা হবে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।তিনি বলেন, খুলনায় ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রোগীদের চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। মাঠ পর্যায়ের সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রতিদিন দুই দফায় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ডেঙ্গু রোগীর সংখ্যা কমিয়ে আনা এবং হাসপাতালে রোগীর চাপ নিয়ন্ত্রণ করাই মূল লক্ষ্য। জলাবদ্ধতা নিরসনকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে ধারাবাহিকভাবে কাজ চলছে এবং ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।তিনি আরও বলেন, ডেঙ্গু মোকাবিলায় আগামী দিনগুলোতে নতুন উদ্যমে দ্বিগুণ শক্তি নিয়ে আরও বিস্তৃত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন খুলনা শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. পরিতোষ কুমার রায়ের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. গোলাম মাসুদ, মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ আমানুল ইসলাম এবং হাসপাতালের উপ-পরিচালক ডা. সুজাত আহমেদ।স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন খুলনা শাখার সদস্য সচিব ও মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শেখ মোয়াজ্জেম হোসেন।সেমিনারে ডেঙ্গু বিষয়ক কী-নোট পেপার উপস্থাপন করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. মো. নাজমুল কবির ও ডা. মো. কবীর উল ইসলাম।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন অপসোনিন ফার্মা লিমিটেডের ডেপুটি সেলস ম্যানেজার অসিম কুমার ভৌমিক।