ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র
বাংলাদেশে চলমান ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় ৫ লাখ ডেঙ্গু NS1 র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত STRIDES কার্যক্রমের আওতায় এসব কিট দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে কিটগুলো হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তৃষিতা মওলা। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী কিটগুলো দ্রুত সারা দেশে বিতরণের নির্দেশ দেন। তিনি জানান, হস্তান্তর করা সব কিট প্রথমে কেন্দ্রীয় ঔষধাগারে (CMSD) জমা হবে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে পাঠানো হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, নতুন কিটের পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় বর্তমানে পর্যাপ্ত ডেঙ্গু অ্যান্টিজেন টেস্ট কিট ও আইভি স্যালাইন মজুত রয়েছে। ফলে দেশের কোনো এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে বলে তিনি জানান। এদিকে বাংলাদেশে ডেঙ্গু টিকা চালুর বিষয়েও সরকারের আলোচনা চলছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকার ব্যয় বেশি হওয়ায় এর কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ ও গ্যাভির সঙ্গে আলোচনা চলছে এবং আন্তর্জাতিক নির্দেশিকা অনুসরণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, কুর্মিটোলা হাসপাতাল এবং মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।