রোববার, ১৯ জুলাই ২০২৬
চেকপোস্ট

ঝালকাঠির ভিমরুলীতে নদীতে ঝাঁপ, ৫ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

ঝালকাঠির ভিমরুলীর ভাসমান পেয়ারা হাট এলাকায় ঘুরতে এসে নদীতে গোসল করার সময় পানিতে ডুবে মো. সানি (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ৫ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।শনিবার (১৮ জুলাই) সকালে রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের মো. সোহেলের ছেলে সানি বন্ধুদের সঙ্গে প্রায় ১৫ জনের একটি দল নিয়ে ট্রলারে করে ভিমরুলীর ভাসমান পেয়ারা হাটে বেড়াতে আসে।ঘোরাঘুরি ও দুপুরের খাবার শেষে বেলা আনুমানিক সোয়া ২টার দিকে তারা ভিমরুলী বাজারের উত্তর পাশে কীর্তিপাশা ইউনিয়নের খালে গোসল করতে নামে।এ সময় সানি খালের পাড়ে থাকা একটি আমগাছে উঠে পানিতে ঝাঁপ দেয়। অন্যরা পানির ওপর ভেসে উঠলেও সানি আর ওপরে উঠতে না পেরে নিখোঁজ হয়ে যায়।বন্ধু ও স্থানীয়রা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে যৌথ অনুসন্ধান চালিয়ে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খাল থেকে সানির মরদেহ উদ্ধার করে।ঝালকাঠি সদর থানা পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া ও সুরতহাল প্রতিবেদন সম্পন্নের পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঝালকাঠির ভিমরুলীতে নদীতে ঝাঁপ, ৫ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার