বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

হারুনুর রশীদের উদ্যোগে জেলা হাসপাতালে চালু হলো ডিজিটাল অটোমেশন

রোগীদের চিকিৎসাসেবা আরও দ্রুত, স্বচ্ছ ও আধুনিক করতে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চালু করা হয়েছে ‘হাসপাতাল অটোমেশন সিস্টেম’। জেলা পরিষদের অর্থায়ন ও উদ্যোগে বাস্তবায়িত এ ডিজিটাল সেবার উদ্বোধন করা হয় বুধবার (২২ জুলাই) দুপুরে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ। তিনি জানান, হাসপাতালের সব ধরনের সেবা ধাপে ধাপে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালুর আশা করা হচ্ছে।তিনি বলেন, নতুন অটোমেশন ব্যবস্থার মাধ্যমে রোগীদের তথ্য, রোগের ইতিহাস ও চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় রেকর্ড নিরাপদভাবে সংরক্ষণ করা হবে। এতে ভবিষ্যতে রোগীদের চিকিৎসা দেওয়া আরও সহজ ও কার্যকর হবে।নতুন ব্যবস্থার আওতায় হাসপাতালের ফার্মেসি সেবাও যুক্ত হচ্ছে। এর মাধ্যমে ওষুধের মজুদ, বিতরণ ও সরবরাহ ব্যবস্থাপনা সহজে পর্যবেক্ষণ করা যাবে। পাশাপাশি প্যাথলজি, এক্স-রে ও অন্যান্য পরীক্ষার রিপোর্ট সরাসরি চিকিৎসকদের কাছে পৌঁছে যাবে এবং রোগীরাও সহজে রিপোর্ট সংগ্রহ করতে পারবেন।হারুনুর রশীদ আরও জানান, জেলা হাসপাতালে ইতোমধ্যে দুইজন নতুন চিকিৎসক পদায়ন পেয়েছেন। তারা শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন। এছাড়া সার্জারিসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের উদ্যোগও চলমান রয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা আশা প্রকাশ করেন, ডিজিটাল অটোমেশন সিস্টেম চালুর ফলে রোগীদের ভোগান্তি কমবে, স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং চাঁপাইনবাবগঞ্জের চিকিৎসাসেবায় নতুন দিগন্তের সূচনা হবে।

হারুনুর রশীদের উদ্যোগে জেলা হাসপাতালে চালু হলো ডিজিটাল অটোমেশন