শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীতে নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ নিরাপত্তামূলক মহড়া পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বম্ব ডিসপোজাল ইউনিট।শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত প্রেস ব্রিফিং শেষে এ মহড়া অনুষ্ঠিত হয়।মহড়ায় আধুনিক প্রযুক্তি ও রোবট ব্যবহার করে কীভাবে সন্দেহজনক বোমা বা বিস্ফোরক শনাক্ত ও নিষ্ক্রিয় করা যায়, তা প্রদর্শন করা হয়। পাশাপাশি সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং দ্রুত জরুরি সাড়া দেওয়ার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।এ মহড়ায় বম্ব ডিসপোজাল ইউনিটের পাশাপাশি ডিএমপির বিশেষায়িত ইউনিট সোয়াট ও কে-নাইন (ডগ স্কোয়াড) অংশ নেয়। কোনো পূজামণ্ডপে বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কীভাবে সমন্বিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন, মহড়ায় তার বাস্তব চিত্র তুলে ধরা হয়।গুরুত্বপূর্ণ মন্দিরে বাড়তি নিরাপত্তাডিএমপি জানায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনায় সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় বিশেষায়িত ইউনিটগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।মহড়ায় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলামসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।দুর্গাপূজা ঘিরে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলা, জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং পূজামণ্ডপে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ বিশেষ মহড়ার আয়োজন করা হয়।