সিরাজগঞ্জে রক্তমাখা চিঠিতে ডাকাতির হুমকি, গ্রামে আতঙ্ক
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের টেকুয়াপাড়া গ্রামে রক্তমাখা চিঠিতে ডাকাতির হুমকিকে কেন্দ্র করে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।স্থানীয়দের অভিযোগ, গত কয়েক দিনে অন্তত তিনটি বাড়িতে ‘রঘু ডাকাত’ পরিচয়ে রক্তমাখা চিঠি দিয়ে হত্যা ও ডাকাতির হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে ভয়ভীতি ছড়ানোর পাশাপাশি বলা হয়, “কালকে রাতে ডাকাতি করতে আসবো, দরজা খোলা রাখবেন”—এমন ভয়ংকর ভাষায় হুমকি দেওয়া হয়েছে।এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতে ক্লাবঘরে বৈঠকের সময় সুযোগ নিয়ে দুর্বৃত্তরা আবু সাঈদের বাড়ি থেকে গরু চুরির চেষ্টা করে। তবে পরিবারের সদস্যদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে তারা গরু ফেলে পালিয়ে যায়।পরদিন শুক্রবার বিথি খাতুনদের বাড়িতে আরেকটি রক্তমাখা হুমকির চিঠি পাওয়া যায়। সেখানে আরও ভয়াবহ ভাষায় প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।ভুক্তভোগী আবু সাঈদ বলেন, গরু চুরির সময় তাদের মেয়ে বিষয়টি দেখে ফেলায় পরে ওই হুমকিপত্র রেখে যায় দুর্বৃত্তরা। একইভাবে আরও কয়েকটি বাড়িতেও চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানান।এ ঘটনায় পুরো গ্রামে রাত জেগে পাহারা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, সাধারণ মানুষের মধ্যে গভীর আতঙ্ক বিরাজ করছে।
শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে গণমাধ্যমে খবর পেয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।