বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

নীলফামারীর দারোয়ানী স্টেশনে ট্রেন থামানোর দাবিতে ৫ ঘণ্টা রেলপথ অবরোধ

নীলফামারীর দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে পাঁচ ঘণ্টা রেলপথ অবরোধ করে আন্দোলন করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে চিলাহাটি রেলস্টেশনে খুলনাগামী রকেট মেইল ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকে পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে দারোয়ানী রেলস্টেশন এলাকায় রেললাইনে অবস্থান নিয়ে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে অবরোধ প্রত্যাহার করা হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ব্যানার নিয়ে মানববন্ধন করেন আন্দোলনকারীরা। একপর্যায়ে তাঁরা রেললাইনে অবস্থান নিলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তাঁদের দাবি, দারোয়ানী স্টেশনে অন্তত দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করতে হবে।আন্দোলনকারী জামিয়ার রহমান বলেন, তাঁদের এলাকায় বর্তমানে শুধু একটি লোকাল ট্রেন থামে। স্টেশনটি অনেক পুরোনো হলেও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নেই। তাই এখানে অন্তত দুটি আন্তঃনগর ট্রেনের স্টপেজ চান তাঁরা।আরেক আন্দোলনকারী সাফিন আহমেদ বলেন, তাঁর বাবা-দাদারাও এই স্টেশন থেকে বিভিন্ন ট্রেনে যাতায়াত করতেন। আগে এখানে দুই থেকে তিনটি ট্রেন থামত। বর্তমানে সকালে মাত্র একটি ট্রেন থামে। তাই দারোয়ানী স্টেশনে অন্তত দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানান তিনি।নীলফামারী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার ময়নুল হোসেন জানান, সকাল ৯টা ১৩ মিনিটে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি নীলফামারী স্টেশনে প্রবেশ করে। এ সময় তাঁরা জানতে পারেন, দারোয়ানী স্টেশনে রকেট মেইল ট্রেনটি আটকে রেখে আন্দোলন করছেন স্থানীয়রা। ফলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। পরে দুপুর ১২টা ৫৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বিরা আমাতুল্লাহ বলেন, তিনি পাকশি রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন স্টেশনমাস্টারদের প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণ শেষে বন্ধ থাকা রেলস্টেশনগুলোতে তাঁদের নিয়োগ দেওয়া হবে।তিনি আরও জানান, দারোয়ানী রেলস্টেশনে স্টেশনমাস্টার নিয়োগ এবং ট্রেনের যাত্রাবিরতি চালুর বিষয়টি অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হবে।

নীলফামারীর দারোয়ানী স্টেশনে ট্রেন থামানোর দাবিতে ৫ ঘণ্টা রেলপথ অবরোধ