সৈয়দপুর রেলওয়ে কারখানায় ট্রেনের জানালা চুরির দায়ে এক শ্রমিক আটক
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামতের জন্য রাখা ট্রেনের কোচ থেকে আস্ত জানালা চুরির অভিযোগে এক অস্থায়ী শ্রমিককে আটক করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে কারখানার ক্যারেজ সপে এ ঘটনা ঘটে। আটক শ্রমিকের নাম মো. শাহান মন্ডল (৩২)। তিনি সৈয়দপুর শহরের গোলাহাট রেলওয়ে কলোনির ৯৯২ নম্বর কোয়ার্টারের বাসিন্দা এবং মৃত শহিদুল ইসলাম মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টিএলআর (অস্থায়ী কর্মচারী) হিসেবে কারখানায় কর্মরত।ঘটনার বিবরণে জানা যায়, সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামতের জন্য আসা বিভিন্ন এক্সপ্রেস ট্রেনের কোচ থেকে প্রায়ই যন্ত্রাংশ ও প্রয়োজনীয় সরঞ্জাম চুরির ঘটনা ঘটছিল। তবে এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করা যাচ্ছিল না। এ কারণে গত প্রায় এক মাস ধরে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সাদাপোশাকে নজরদারির পাশাপাশি গোপন সিসিটিভি ক্যামেরা স্থাপন করে।এরই ধারাবাহিকতায় ক্যারেজ সপে রাখা ১৮টি কোচের র্যাকে চুরির ঘটনার ফুটেজ পাওয়া যায়। ফুটেজ পর্যালোচনা করে টিএলআর কর্মচারী শাহান মন্ডলকে শনাক্ত করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি চুরির কথা স্বীকার করেন বলে জানিয়েছে আরএনবি। এরপর তাঁকে আটক করে মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়।সৈয়দপুর রেলওয়ে কারখানার নিরাপত্তা বাহিনীর কমান্ডার মোখলেছুর রহমান সরকার ববি জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায়, শাহান মন্ডল ট্রেনের একটি আস্ত জানালা খুলে সেটি ভেঙে ক্যারেজ সপের পাশের রেলওয়ে স্টোর সপের দেয়ালের ওপর দিয়ে নিক্ষেপ করেন। পরে জানালাটি সেতু কারখানার সামনের পুকুরে ফেলে দেন। জিজ্ঞাসাবাদে তিনি এসব স্বীকার করেছেন বলে জানান তিনি।এ ঘটনায় তাঁকে আটক করে মামলার প্রক্রিয়া শুরু করা হয়েছে। কারখানার নিরাপত্তা নিশ্চিত ও চুরি প্রতিরোধে আরএনবি সক্রিয় রয়েছে বলেও জানান তিনি।এর আগে গত ১২ অক্টোবর রেলপথমন্ত্রীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনের আগের দিন কারখানার গেটে চুরির মালামালসহ এক স্থায়ী কর্মচারীকে আটক করেন আরএনবি সদস্যরা। বেলাল হোসেন নামের ওই কর্মচারী কারখানার পেইন্ট সপে কর্মরত ছিলেন। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী, জিওএইচ সপের কর্মচারী মাজেদুল ইসলামও চুরির সঙ্গে জড়িত বলে জানা যায়। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনায় বিভাগীয় তদন্ত চলছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।এদিকে, একই ধরনের চুরির ঘটনায় স্থায়ী ও অস্থায়ী কর্মচারীদের বিরুদ্ধে ভিন্ন ব্যবস্থা নেওয়ায় রেলওয়ে অঙ্গনে সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থায়ী কর্মচারীদের সাময়িক বরখাস্ত করা হলেও অস্থায়ী কর্মচারীদের বিরুদ্ধে সরাসরি মামলা করায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।পাশাপাশি এসব চুরির সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্যের যোগসাজশ রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহল। তাঁদের মতে, ট্রেন থেকে জানালার মতো বড় সরঞ্জাম খুলে কারখানার বাইরে পাচার করা নিরাপত্তা বাহিনীর সহায়তা ছাড়া কঠিন। এ বিষয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তাঁরা।সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই কারখানার চুরির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। কয়েকটি ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক, সাময়িক বরখাস্ত এবং মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে চুরির ঘটনা অনেকটা কমেছে। আরএনবি সদস্যরা আরও সক্রিয় হলে এ ধরনের ঘটনা পুরোপুরি বন্ধ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, কারখানায় চুরির ঘটনায় আরএনবি এক অস্থায়ী কর্মচারীকে আটক করে তাঁদের কাছে হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে আরএনবির নায়েক সায়েক সিরাজ বাদী হয়ে মামলা দায়ের করছেন। বর্তমানে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।