নাসিরনগরে ৫ হাজার ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশের বিশেষ অভিযানে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টাটা পিকআপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।মঙ্গলবার (৪ আগস্ট) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের রতনপুর-নাসিরনগর সড়কের শ্রীঘর বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।পুলিশ জানায়, নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুব আলম সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীঘর বাজার এলাকায় অবস্থান নেন। পরে রতনপুর দিক থেকে আসা একটি টাটা পিকআপে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় গ্রেপ্তার করা হয় সুনামগঞ্জ সদর উপজেলার নতুন গোদিগাঁও এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মো. আবুল হোসেন (২৬) এবং দোয়ারাবাজার উপজেলার এরুয়াখাই (লক্ষীপুর) এলাকার আব্দুল লতিফের ছেলে মো. রাশেদ মিয়া (৩০)।পুলিশ আরও জানায়, মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুইজনসহ অজ্ঞাতনামা আরও ২–৩ জনের বিরুদ্ধে নাসিরনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
উদ্ধার হওয়া ট্যাপেন্টাডলের উৎস, সরবরাহকারী চক্র এবং জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।