রোববার, ৩০ আগস্ট ২০২৬
চেকপোস্ট

রামপালের রোমজাইপুরে নদীভাঙন, টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের রামপালের রোমজাইপুরে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।পেড়িখালী ইউনিয়নের রোমজাইপুর থেকে উড়াবুনিয়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে রোববার (৩০ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।রোমজাইপুরবাসীর উদ্যোগে রোমজাইপুর পূর্বপাড়া ঘোষিয়াখালীর তীরে আয়োজিত মানববন্ধনে শত শত নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তাঁদের হাতে ‘এখনই টেকসই বেড়িবাঁধ চাই’, ‘জীবনের বিনিময়ে ফেরি পাচ্ছি, আমাদের চাই টেকসই বাঁধ’, ‘আমাকে বিক্রি করো, কিন্তু বাঁধ দাও’—এমন বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে রোমজাইপুর ও আশপাশের এলাকার মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। ইতোমধ্যে বহু ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে।ভাঙনের কারণে যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানান স্থানীয়রা।তাঁদের অভিযোগ, নদীর তীব্র স্রোত ও জাহাজ চলাচলের ঢেউয়ের কারণে ভাঙন আরও বাড়ছে। পাশাপাশি নদী খননের নামে অপরিকল্পিত কাজের কারণেও পরিস্থিতি জটিল হয়েছে বলে দাবি করেন তাঁরা। ভাঙা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার ঘটনাও ঘটছে।পেড়িখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বয়েজিদ শেখ ও মহিলা সদস্য রিনা বেগম হেনা বলেন, বছরের পর বছর ধরে এলাকাটি নদীভাঙনের কবলে রয়েছে। বহু পরিবার বসতভিটা ও কৃষিজমি হারিয়েছে। দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা না হলে পুরো গ্রাম নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।স্থানীয় উদ্যোক্তা ফিরোজ মাঝি বলেন, নদীভাঙনের কারণে মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। তিনি দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।বক্তারা বলেন, শুধু বেড়িবাঁধ নির্মাণ করলেই হবে না; নদীভাঙনে যারা ঘরবাড়ি, জমি ও সম্পদ হারিয়েছেন, তাঁদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে এলাকাটি পুনরায় পরিদর্শন করা হবে। পরিদর্শনের পর দ্রুত সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

রামপালের রোমজাইপুরে নদীভাঙন, টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন