সোমবার, ২৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস নিয়ে মুখ খুললেন মিরাজ

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ নিতে না পারার পেছনে রাজনৈতিক পরিস্থিতিই প্রধান কারণ ছিল। বিষয়টি শুধু ক্রিকেটারদের নয়, সমর্থকদের জন্যও হতাশাজনক ছিল বলে মন্তব্য করেন তিনি।বর্তমানে শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন মিরাজ। সেখানে ভারতীয় ক্রীড়া বিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম রেভস্পোর্টজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা শুধু ক্রিকেটারদের নয়, সমর্থকদের জন্যও হতাশার ছিল। আমার মনে হয়, এটি একটি রাজনৈতিক বিষয়। এর বাইরে এ নিয়ে বিশেষ কিছু বলার নেই।’তিনি আরও বলেন, বিশ্বকাপে খেলা প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন। বাংলাদেশের অনেক তরুণ ক্রিকেটারও সেই মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগের অপেক্ষায় ছিলেন। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই সুযোগ হাতছাড়া হয়েছে।বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচ ভারতের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নিরাপত্তা ইস্যু তুলে ধরে বাংলাদেশ সরকার ম্যাচগুলো অন্য দেশে সরানোর অনুরোধ জানালেও আইসিসি তা প্রত্যাখ্যান করে। পরে বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়।তৎকালীন সময়ে সরকার ও বিসিবি নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানালেও আইসিসির নিজস্ব তদন্তে বাংলাদেশ দলের জন্য নির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি। এরপরও নির্ধারিত ভেন্যুতেই খেলার অবস্থানে অনড় ছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।ভারতের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়েও আশাবাদ প্রকাশ করেছেন মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে দীর্ঘদিন পর ঘরের মাঠে খেলতে পারা বাংলাদেশের জন্য বড় সুযোগ।মিরাজের ভাষায়, ‘আমরা এই সিরিজ নিয়ে খুবই রোমাঞ্চিত। ভারত এলে সেটা আমাদের দেশের ক্রিকেটের জন্য দারুণ উপলক্ষ হবে। তারা খুব শক্তিশালী দল। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং এই লড়াইয়ের জন্য মুখিয়ে আছি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস নিয়ে মুখ খুললেন মিরাজ