সোমবার, ১৭ আগস্ট ২০২৬
চেকপোস্ট

শিবগঞ্জে শিকারির কাছ থেকে টিয়াপাখি উদ্ধার, ইউএনওর হাতে অবমুক্ত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টিয়াপাখি শিকারের সময় মিনার আলী (২০) নামে এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে পাখি শিকার করবেন না-এমন মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে স্থানীয়দের সহযোগিতায় টিয়াপাখিসহ মিনার আলীকে হাতেনাতে আটক করা হয়। তিনি দুর্লভপুর ইউনিয়নের ১৫ রশিয়া গ্রামের মো. হাবিল আলীর ছেলে।পরে উদ্ধার করা টিয়াপাখিগুলো শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নিয়ে যাওয়া হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম পাখিগুলোকে ডানা মেলে মুক্ত আকাশে অবমুক্ত করেন। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।ইউএনও মাজহারুল ইসলাম বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী পাখি ও বন্যপ্রাণী শিকার, ধরা এবং ক্রয়-বিক্রয় শাস্তিযোগ্য অপরাধ। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী ও পাখির বিচরণ সংরক্ষণ জরুরি। তিনি আরও জানান, পাখি শিকার বন্ধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি উপজেলা প্রশাসনের নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

শিবগঞ্জে শিকারির কাছ থেকে টিয়াপাখি উদ্ধার, ইউএনওর হাতে অবমুক্ত