মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

সৈয়দপুরে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

নীলফামারীর সৈয়দপুরে সরকারি ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির টিসিবি কার্যক্রমে নীতিমালা লঙ্ঘন ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ট্যাগ অফিসারের অনুপস্থিতিতে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া এবং কার্ড ছাড়া প্যাকেজ দেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন সুবিধাভোগী।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কুটিরঘাট ব্রিজসংলগ্ন এলাকায় মেসার্স চওড়া ট্রেডার্সের বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করে এসব অভিযোগের কথা জানা যায়। সেখানে ৪৩৫ টাকার প্যাকেজে ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল ও একটি গোসলের সাবান দেওয়া হচ্ছিল। তবে ওই সময় প্রশাসনের নিয়োগ করা ট্যাগ অফিসারের উপস্থিতি পাওয়া যায়নি।সুবিধাভোগীদের কয়েকটি প্যাকেজ স্থানীয় একটি দোকানে ওজন করে দেখা হলে অভিযোগ অনুযায়ী, চিনিতে প্রায় ১০ থেকে ২০ গ্রাম এবং মসুর ডালে ১০০ থেকে ১২০ গ্রাম পর্যন্ত কম পাওয়া যায়। কয়েকজন ভোক্তা জানান, আগেও ওজনে কম দেওয়ার অভিযোগ করেও তারা প্রতিকার পাননি।এ ছাড়া টিসিবির কার্ড ছাড়া পণ্য দেওয়ার অভিযোগও করেছেন স্থানীয় কয়েকজন সুবিধাভোগী। তাদের দাবি, প্রভাবশালী ও পরিচিত ব্যক্তিদের অনেকেই কার্ড ছাড়াই প্যাকেজ নিচ্ছেন।কার্ড ছাড়া পণ্য নেওয়া এক ব্যক্তি বিষয়টি স্বীকার করে দাবি করেন, তার মতো আরও অনেকে কার্ড ছাড়াই টিসিবির পণ্য পান। তবে এসব বক্তব্যের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।কয়েকজন সুবিধাভোগী আরও অভিযোগ করেন, আগে কোম্পানির প্যাকেটজাত ডাল ও চিনি দেওয়া হলেও বর্তমানে স্থানীয়ভাবে পলিব্যাগে প্যাকেট করে পণ্য দেওয়া হচ্ছে। এতে পণ্যের মান নিয়েও প্রশ্ন উঠছে বলে তারা জানান।অভিযোগের বিষয়ে মেসার্স চওড়া ট্রেডার্সের পক্ষে লিখন বলেন, ট্যাগ অফিসারকে জানানো হয়নি বলেই তিনি আসেননি। তার দাবি, ওজনে কম দেওয়া হয় না; পলিব্যাগ ছিঁড়ে বা ফেটে যাওয়ার কারণে কখনো কখনো পণ্য কমে যেতে পারে। তবে ঘটনাস্থলে পণ্য ওজন করে দেখানোর জন্য তার কাছে কোনো পাল্লা ছিল না।একইভাবে কামারপুকুর ইউনিয়ন পরিষদ চত্বরে মেসার্স ইমতিয়াজ ট্রেডার্সের পণ্য বিক্রির সময়ও ট্যাগ অফিসারের উপস্থিতি পাওয়া যায়নি। বিক্রয়কর্মীরা জানান, চার দিনের কার্যক্রমে শুধু প্রথম দিন ট্যাগ অফিসার উপস্থিত ছিলেন। তবে ওজনে কম দেওয়ার অভিযোগ তারা অস্বীকার করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সৈয়দপুর উপজেলায় টিসিবির কার্ডধারী উপকারভোগীর সংখ্যা ২২ হাজার ৬৭৭ জন। এর মধ্যে বর্তমান স্মার্ট কার্ডধারী ২১ হাজার ৪৩৪ জন। উপজেলায় টিসিবির ডিলার রয়েছেন আটজন।টিসিবির পণ্য বিক্রির ক্ষেত্রে ট্যাগ অফিসারের উপস্থিতি গুরুত্বপূর্ণ শর্ত হলেও বিভিন্ন বিক্রয়কেন্দ্রে তার অনুপস্থিতিতে কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ডিলারকে নোটিশ দেওয়া হবে এবং তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডিলারশিপ পরিচালনায় অনিয়ম প্রমাণিত হলে ডিলারশিপ বাতিলের ব্যবস্থাও নেওয়া হবে।

সৈয়দপুরে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর