ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে কাউকে ছাড় নয়: প্রতিমন্ত্রী টুকু
ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, পর্যায়ক্রমে সবাই ফ্যামিলি কার্ড পাবেন। কার্ড বিতরণে কেউ অনিয়মের চেষ্টা করলে তা সংশ্লিষ্টদের জানাতে হবে। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।বুধবার (১৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে তথ্যপ্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য লোক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগী পরিবার চিহ্নিত করা হবে।তাই ফ্যামিলি কার্ড পেতে কাউকে দৌড়াদৌড়ি বা তদবির করার প্রয়োজন নেই বলে জানান তিনি। এ ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান প্রতিমন্ত্রী।নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিসরকারের বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এখন সেই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কৃষক কার্ড দেওয়ার প্রতিশ্রুতিও বাস্তবায়নের পথে এগিয়েছে বলে উল্লেখ করেন তিনি।এ ছাড়া ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা দেওয়া শুরু হয়েছে এবং মন্দিরের পুরোহিতদের জন্যও ভাতার ব্যবস্থা করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তাঁর দাবি, সরকার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি বলেন, প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে জনগণকে সতর্ক থাকতে হবে। টাঙ্গাইলের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নেও সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানান তিনি।দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের আশ্বাসআসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক নজর রাখা হবে। পাশাপাশি পূজামণ্ডপগুলোকে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাঁরাঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শহীদুল্লাহ, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. মাহমুদুল হক সানু এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান খান শফিক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লবসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পূজামণ্ডপে চাল ও আর্থিক অনুদান বিতরণঅনুষ্ঠান শেষে উপজেলা মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্যাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা চালের ডিও বিতরণ করা হয়।এ ছাড়া টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডের পূজামণ্ডপের জন্য পৌরসভার পক্ষ থেকে বরাদ্দ করা আর্থিক অনুদান বিতরণ কার্যক্রমেও প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।