বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

দেব-জিৎ প্রতিদ্বন্দ্বিতা নিয়ে মুখ খুললেন জিৎ

দুই বছর পর বড় পর্দায় ফিরছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা জিৎ। আগামী ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেতা।সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের নতুন সিনেমা, ক্যারিয়ার এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন জিৎ। সেখানে উঠে আসে টলিউডের আরেক জনপ্রিয় তারকা দেবের প্রসঙ্গ।গত কয়েক বছরে দেব একের পর এক সিনেমায় ব্যস্ত থাকলেও জিৎকে তুলনামূলক কম সিনেমায় দেখা গেছে। এ বিষয়ে জিৎ জানান, হিন্দি সিরিজ ‘খাকি’-তে কাজের কারণে প্রায় ছয়-সাত মাস অন্য কোনো প্রজেক্টে সময় দিতে পারেননি তিনি। এরপর পছন্দের মতো গল্পও হাতে আসেনি।জিৎ বলেন, এরপর আমার কাছে ভালো কোনো গল্প আসেনি, যেটা আগ্রহ নিয়ে করব। ভাগ্যিস ‘বিপ্লবী ডাকাত’ এসেছে।দেবের সঙ্গে কথিত প্রতিযোগিতা প্রসঙ্গে জিৎ বলেন, টলিউডে তারকা বনাম তারকার বিষয়টি অনেক সময় গণমাধ্যম তৈরি করে। তিনি বলেন, আগে প্রসেনজিৎ বনাম জিৎ হতো, এখন দেব বনাম জিৎ। মিডিয়ার জন্য কখনো ইস্টবেঙ্গল-মোহনবাগান, কখনো আর্জেন্টিনা-ব্রাজিল, আবার কখনো সালমান-শাহরুখের মতো প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়।নিজের ক্যারিয়ারের শুরুর সময়ের কথা তুলে ধরে জিৎ বলেন, আমি যখন শুরু করেছিলাম, তখন দেবের অস্তিত্বই ছিল না। তখন প্রসেনজিৎ বনাম জিৎ বলা হতো। এটা আমার কাছে নতুন কিছু নয়।তিনি আরও বলেন, সিনেমার সংখ্যা কম-বেশি হওয়া নিয়ে কারও প্রতি অভিযোগ করার কিছু নেই। ক্যারিয়ারে যা ঘটছে, সেটাকে নিজের ভাগ্যের অংশ হিসেবেই দেখেন তিনি।জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমাটি ভারতের বিপ্লবী অনন্ত সিংয়ের জীবন থেকে অনুপ্রাণিত। এতে অনন্ত সিংয়ের চরিত্রে দেখা যাবে জিৎকে।পথিকৃৎ বসু পরিচালিত সিনেমাটিতে জিতের সঙ্গে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, কৌশিক সেন, রজতাভ দত্ত, চন্দন সেন ও প্রিয়াঙ্কা সরকারসহ অনেকে। উল্লেখ্য, জিৎ ও দেবকে সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত ‘দুই পৃথিবী’ সিনেমায়, যা মুক্তি পেয়েছিল ২০১০ সালে। এরপর আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি এই দুই তারকাকে।

দেব-জিৎ প্রতিদ্বন্দ্বিতা নিয়ে মুখ খুললেন জিৎ