লক্ষ্মীপুরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ পুরাতন ম্যাজিস্ট্রেট কোর্ট ভবন
লক্ষ্মীপুরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত পুরাতন ম্যাজিস্ট্রেট কোর্ট ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনটি দ্রুত অপসারণ না করলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।অনুসন্ধানে জানা গেছে, পুরাতন এই ভবনে বর্তমানে কোনো দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয় না। দীর্ঘদিন অব্যবহৃত ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটির ছাদ, দেয়াল ও মূল কাঠামোর বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।ব্যস্ততম এলাকায় অবস্থিত ভবনটির আশপাশ দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করেন। ফলে জরাজীর্ণ ভবনটি ঘিরে পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক রয়েছে।স্থানীয় সচেতন মহলের দাবি, সময়ক্ষেপণ না করে সরকারি বিধি অনুযায়ী দ্রুত টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণ বা ভেঙে ফেলা প্রয়োজন। ভবনটি আরও দীর্ঘদিন এভাবে পড়ে থাকলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলেও তারা জানান।
এ বিষয়ে লক্ষ্মীপুরের জেলা প্রশাসকের (ডিসি) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। দ্রুত ভবনটিকে টেন্ডারের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকাটি ঝুঁকিমুক্ত করার দাবি জানিয়েছেন তারা।