শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

রাজশাহীতে জগন্নাথদেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

ভক্তি, শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি উপলক্ষে আয়োজিত এ উৎসবে সকাল থেকেই নগরীর বিভিন্ন মন্দির ও সড়কে ছিল আনন্দঘন পরিবেশ। শ্রীজগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানীর দর্শন ও আশীর্বাদ লাভের আশায় রাজশাহীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত সমবেত হন।সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রথে অধিষ্ঠিত শ্রীজগন্নাথদেবের দর্শন আত্মিক শান্তি ও পুণ্য লাভের প্রতীক। সেই বিশ্বাস থেকেই ভক্তরা রথের দড়ি টেনে ধর্মীয় অনুভূতির প্রকাশ করেন এবং শোভাযাত্রায় অংশ নেন।রথযাত্রা উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) রাজশাহী এবং ঐতিহ্যবাহী শ্রীশ্রী হনুমান জিউর আখড়া মন্দির কমিটি পৃথকভাবে নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করে। বিকেলে রেশমপট্টি ইসকন মন্দির ও সাহেববাজার এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।সুসজ্জিত রথে শ্রীজগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানীকে নিয়ে শোভাযাত্রা নগর পরিক্রমা শুরু হলে ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা, শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে চারপাশ। কুমারপাড়া, সাহেববাজার জিরোপয়েন্ট, বাটার মোড় ও রানীবাজারসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রথযাত্রা। পথের দুই পাশে অবস্থান নেওয়া ভক্তরা ফুল, ফল ও নানা উপাচার নিবেদন করে আরতির মাধ্যমে প্রার্থনায় অংশ নেন।দিনব্যাপী বিভিন্ন মন্দিরে বিশ্বশান্তি, দেশের সমৃদ্ধি ও মানবকল্যাণ কামনায় বিশেষ পূজা, রাজভোগ নিবেদন, ভগবদ্গীতা পাঠ এবং সমবেত প্রার্থনার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।রথযাত্রাকে ঘিরে রাজশাহীর সাগরপাড়া ও আশপাশের এলাকায় বসে ঐতিহ্যবাহী রথের মেলা। খেলনা, মাটির তৈজসপত্র, বাঁশ ও কাঠের সামগ্রী, মিষ্টি ও মণ্ডাসহ বিভিন্ন পণ্যের দোকানে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শিশু থেকে প্রবীণ সব বয়সী মানুষের উপস্থিতিতে মেলা হয়ে ওঠে প্রাণবন্ত।উৎসবকে কেন্দ্র করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। রথযাত্রার পুরো রুটে অতিরিক্ত পুলিশ মোতায়েন, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সার্বক্ষণিক নজরদারির ফলে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন হয়।সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী, রথযাত্রার সাত দিন পর উল্টো রথযাত্রার মাধ্যমে শ্রীশ্রী জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা মহারানীর নিজ মন্দিরে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে চলতি বছরের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

রাজশাহীতে জগন্নাথদেবের রথযাত্রায় হাজারো ভক্তের ঢল