এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে চাপ বাড়াবে: জামায়াত
গৃহস্থালি ব্যবহারের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে জ্বালানির দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেবে।রোববার (২ আগস্ট) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ উদ্বেগ প্রকাশ করেন।বিবৃতিতে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ এমনিতেই চাপে রয়েছে। এর মধ্যে এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ানো হলে ভোক্তাদের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা তৈরি হবে।মিয়া গোলাম পরওয়ার বলেন, তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাব ইতোমধ্যে বিভিন্ন পণ্যের দামে পড়েছে। আয় না বাড়লেও ব্যয় বাড়ায় নিম্ন ও মধ্যবিত্তসহ সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে।তিনি জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ২ আগস্ট থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছে। এর আগে দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। একই সঙ্গে অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা।জামায়াতের সেক্রেটারি জেনারেল আশঙ্কা প্রকাশ করে বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব উৎপাদন খাতসহ দেশের সামগ্রিক অর্থনীতিতে পড়বে।
তিনি দেশের চাহিদা পূরণে প্রয়োজনীয় এলএনজি আমদানির উদ্যোগ নেওয়ার পাশাপাশি এলপিজির বর্ধিত মূল্য প্রত্যাহার করে জনগণকে স্বস্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।