খুলনায় ছেলেকে হত্যার দেড় মাস পর বাবাকে গুলি করে হত্যা
খুলনার রুপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল এলাকায় আক্তার ঢালী(৬০) নামে এক ব্যাক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ৫ অক্টোবর সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আক্তার ঢালী ঔই এলাকার বাসিন্দা মৃত মতলব ঢালীর ছেলে। রুপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টার দিকে দুর্বৃত্তের গুলিতে আক্তার ঢালী গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় সুত্রে জানাগেছে, গত ১৫ আগষ্ট রাতে আক্তার ঢালীর ছেলে জয় ঢালী (২৭) কে একই এলাকায় কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়। সেই ঘটনার প্রায় ৫০ দিনের ব্যাবধানে এবার দুর্বৃত্তের গুলিতে প্রান গেল তার বাবা আক্তার ঢালীর। এর আগে গত ১৫ আগষ্ট রাত সাড়ে ৮ টার দিকে রুপসা শহীদের মোড় দুর্জনীমহল এলাকায় জয় ঢালীর ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, ৪ থেকে ৫ জন হেলমেট পরিহিত দুর্বৃত্ত মোটরসাইকেল করে সেখানে এসে জয় ঢালীর ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হামলার পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় সুত্রে জানাযায়, কিছু দিন আগে আক্তার ঢালীকে কিছু দুবৃত্ত প্রান নাশের হুমকি দিলে তিনি রুপসা থানায় জিডি করেন। পরপর বাবা ও ছেলেকে হত্যার ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। তবে এ দুই হত্যাকান্ডের মধ্যে কোন যোগ সুত্র রয়েছে কিনা, তা তাৎক্ষনিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।