রোববার, ০২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কম নয়: রিজভী

জুলাই বিপ্লবকে ঐতিহাসিক অভ্যুত্থান হিসেবে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এই বিপ্লব কোনো অংশেই ফরাসি বিপ্লবের চেয়ে কম নয়।রোববার (২ আগস্ট) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত ‘রক্তাক্ত জুলাই: স্মরণ, প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।রিজভী বলেন, ফরাসি বিপ্লব যেমন মানুষের অধিকার ও নাগরিক স্বাধীনতার সংগ্রাম ছিল, তেমনি জুলাই বিপ্লবেও গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য তরুণরা আত্মত্যাগ করেছে।তিনি বলেন, ইতিহাসে প্রতিটি বিপ্লবেই রক্ত ঝরেছে। তবে জুলাই আন্দোলনে অল্প সময়ে যে পরিমাণ প্রাণহানি ঘটেছে, তা বিশ্বের অনেক বিপ্লবের ক্ষেত্রেই বিরল। গ্রাম থেকে শহর পর্যন্ত তরুণদের আত্মত্যাগের ঘটনা ঘটেছে বলেও তিনি দাবি করেন।বিএনপির এই নেতা বলেন, জুলাই আন্দোলনের মানবিক দিক ছিল অনন্য। আহতদের উদ্ধারে মানুষ যেভাবে এগিয়ে এসেছে, তা আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য হয়ে থাকবে।সাবেক সরকারের সমালোচনা করে রিজভী অভিযোগ করেন, আন্দোলনকারীদের দমনে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করা হয়েছিল। তবে শিক্ষার্থীরা মৃত্যুভয় উপেক্ষা করে আন্দোলন চালিয়ে গেছে।নিজের গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কারাগারে থেকেও তিনি বুঝতে পেরেছিলেন তৎকালীন সরকারের পতন অনিবার্য হয়ে উঠেছে।রিজভী আরও বলেন, জুলাই বিপ্লব দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতার ফল। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ স্মরণ করে অর্জিত গণতন্ত্র রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আলিম ও অধ্যাপক ড. মামুনুর রশীদ মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।

জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কম নয়: রিজভী