মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

৫ আগস্ট খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস, প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে খুলনায় জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, দিবসটি উপলক্ষে ৫ আগস্ট সকাল ৯টায় নগরীর শিববাড়ি মোড়ে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পাশাপাশি সুবিধাজনক সময়ে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।এছাড়া নগরীর শিববাড়ি মোড়, শহিদ হাদিস পার্ক, ময়লাপোতা মোড়, জোড়াগেট, গল্লামারী, খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা, রূপসা মোড়, নতুন রাস্তা, কুয়েট সংলগ্ন এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।দুপুরে হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে-কেয়ার শিশু বিকাশ কেন্দ্র, শিশু পরিবার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র ও ভবঘুরে প্রতিষ্ঠানগুলোতে প্রীতিভোজের আয়োজন করা হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতারও আয়োজন করা হবে।এদিন সকাল সাড়ে ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই আন্দোলনে নিহত শহিদ পরিবারের সদস্য, আহত ছাত্র-জনতা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।প্রস্তুতি সভায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অমিত কুমার বর্মন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য কর্মকর্তা (রুটিন দায়িত্ব) মো. মেহেদী হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

৫ আগস্ট খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস, প্রস্তুতি সভা অনুষ্ঠিত