জি কে গউছ ও তারেক রহমানকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে শায়েস্তাগঞ্জ বিএনপির বিক্ষোভ
হবিগঞ্জে এনসিপির সমাবেশে দলের নেতাদের বক্তব্যে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে শায়েস্তাগঞ্জ পৌর বিএনপি।শুক্রবার (৩১ জুলাই) বাদ আসর শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলটি শায়েস্তাগঞ্জ পৌরসভার বাল্লা রেলগেট এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে পার্কিং এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হবিগঞ্জে এনসিপির সমাবেশে দলটির নেতা নাসির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়েছেন। তারা এসব বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানান।সমাবেশে বক্তব্য দেন শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এম. এফ আহমেদ অলি, সাধারণ সম্পাদক আলহাজ মো. আব্দুল মজিদ, সিনিয়র সহ-সভাপতি মো. মাসুক মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছমির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জুনাইদ আহমেদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শাকিম, সাংগঠনিক সম্পাদক নূরুল হোসেন বাচ্চু, সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন, বিএনপি নেতা মো. সমুজ আলী ও আব্দুর রহমান কনক, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আকিকুর রহমান টিপু, যুগ্ম আহ্বায়ক মো. সুমন মিয়া, শেখ ফজর আলীসহ পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে অশালীন বক্তব্য গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর। তারা দাবি করেন, এ ধরনের বক্তব্য রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে।তারা আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের মন্তব্য অব্যাহত থাকলে গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ জি কে গউছ ও তারেক রহমানকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রাজনৈতিক শালীনতা বজায় রেখে দায়িত্বশীল বক্তব্য প্রদানের আহ্বান জানান।