মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

ডাকসুতে জিন্নাহ-গোলাম আজমের ছবি পদদলিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে মুহাম্মদ আলী জিন্নাহ ও গোলাম আজমের ছবি লাগিয়ে পদদলিত করেছেন একদল শিক্ষার্থী। ডাকসু সংগ্রহশালায় জিন্নাহ ও তৎকালীন ছাত্রসংঘের নেতা আবদুল মালেকের ছবি রাখার প্রতিবাদে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ কর্মসূচি পালন করা হয়।২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দাবি, ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ এবং তৎকালীন ছাত্রসংঘের নেতা আবদুল মালেকের ছবি প্রদর্শনের প্রতিবাদেই তারা এ কর্মসূচি নিয়েছেন।মঙ্গলবার দুপুরে জিন্নাহ ও গোলাম আজমের ছবি ডাকসু ভবনের প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে লাগানোর পর শিক্ষার্থীরা সেগুলো পদদলিত করেন।কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সংগ্রহশালায় জিন্নাহর ছবি লাগানোর বিষয়ে ‘নিজের ইচ্ছার’ কথা বলেছেন। তারাও সাধারণ শিক্ষার্থী হিসেবে নিজেদের অবস্থান থেকে একইভাবে ছবি পদদলিত করেছেন বলে জানান।ঢাবির ইতিহাস বিভাগের শিক্ষার্থী শিব্বির আহমেদ অভিযোগ করেন, মুক্তিযুদ্ধকে তুলে ধরার দায়িত্বে থাকা ডাকসুর একজন সম্পাদক পাকিস্তানপন্থি হিসেবে পরিচিত ব্যক্তির ছবি সংগ্রহশালায় সম্মানের সঙ্গে প্রদর্শন করতে চেয়েছেন। তার ভাষ্য, শিক্ষার্থীরা এর প্রতিবাদে জিন্নাহ ও গোলাম আজমের ছবি মেঝেতে রেখেছেন।শিব্বির আরও বলেন, বাংলাদেশপন্থি শিক্ষার্থীদের অবস্থান থেকে এ ধরনের প্রতিবাদ অব্যাহত থাকবে। বাংলাদেশে পাকিস্তানপন্থি রাজনীতিকে সামনে আনার বিরোধিতাও করেন তিনি।অন্যদিকে ইংলিশ ফর স্পিকারস অব আদার ল্যাঙ্গুয়েজ বিভাগের শিক্ষার্থী আশ শামস বলেন, জিন্নাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানানো এবং পরে ডাকসু সংগ্রহশালা থেকে তার ছবি সরিয়ে নেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়ার বিষয়টি তারা লক্ষ্য করেছেন। তিনি ডাকসু প্রতিনিধিদের বাংলাদেশের পক্ষে থাকার আহ্বান জানান।এর আগে সংস্কারের পর গত রোববার (১৩ সেপ্টেম্বর) ডাকসু সংগ্রহশালা চালু হয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা আন্দোলনে ভূমিকার কোনো একক ছবি রাখা হয়নি। বরং পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি প্রদর্শন করা হয়।এর মধ্যে ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে জিন্নাহর দেওয়া ভাষণের একটি ছবি ছিল। ওই ভাষণে তিনি উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দিয়েছিলেন বলে উল্লেখ করা হয়। পাশাপাশি ১৯৪০ সালের লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের সম্মেলনের একটি দলগত ছবি, ‘ডন’ পত্রিকার প্রতিবেদন এবং ছাত্রসংঘের সাবেক নেতা আবদুল মালেকের ছবিও রাখা হয়।বিষয়টি প্রকাশের পর রোববার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার ডাকসু সংগ্রহশালায় গিয়ে জিন্নাহর তিনটি ছবি ছিঁড়ে প্রতিবাদ জানান।এরপর ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা সংগ্রহশালায় জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমকে ১৯৮১ সালে বায়তুল মোকাররমের সামনে জুতাপেটা করার একটি ছবি টানিয়ে দেন।

ডাকসুতে জিন্নাহ-গোলাম আজমের ছবি পদদলিত